মণিপুরে রাষ্ট্রপতি শাসন। সম্প্রতি ঘরে-বাইরে চাপের মুখে পড়ে পদত্যাগ করেন বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। তাঁর ইস্তফার পরে নতুন কোনও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। এই অচলাবস...
মণিপুরে রাষ্ট্রপতি শাসন। সম্প্রতি ঘরে-বাইরে চাপের মুখে পড়ে পদত্যাগ করেন বিজেপি শাসিত মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহ। তাঁর ইস্তফার পরে নতুন কোনও মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি বিজেপি। এই অচলাবস্থার মাঝে বৃহস্পতিবার মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে।
গত দেড় বছরের বেশি সময় ধরে জাতিহিংসায় উত্তপ্ত উত্তরপূর্বের রাজ্য। যাতে মৃত্যু হয়েছে কয়েকশো মানুষের। ঘরছাড়া অসংখ্য মানুষ। সবমিলিয়ে ২৫০-এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে এখনও পর্যন্ত। যার জেরে আঙুল উঠেছিল মণিপুরের গেরুয়া সরকার এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বিরুদ্ধে। ঘরে বাইরে চাপের মুখে গত ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করতে বাধ্য হন তিনি। তার কয়েকদিনের মধ্যেই সেখানে জারি হল রাষ্ট্রপতি শাসন।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রক থেকে একটি সরকারি বিজ্ঞপ্তিতে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বয়ানে লেখা রয়েছে, “আমি মণিপুরের রাজ্যপালের থেকে রিপোর্ট পেয়েছি। ওই রিপোর্ট দেখে এবং অন্য তথ্যগুলির ভিত্তিতে আমার মনে হয়েছে, সংবিধান অনুসারে সেখানে সরকার চালানো সম্ভব হচ্ছে না।”