রাশিয়া থেকে খনিজ তেল কেনার 'অপরাধে' ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প সরকার। এই আবহেই মস্কোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় রাখার বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবা...
রাশিয়া থেকে খনিজ তেল কেনার 'অপরাধে' ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প সরকার। এই আবহেই মস্কোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় রাখার বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৃহস্পতিবার ট্রাম্পের শুল্কচাপের মাঝেই রাশিয়ার উদ্দেশ্যে আরও শক্তিশালী বাণিজ্য কাঠামো তৈরির বার্তা দিলেন জয়শঙ্কর। পাশাপাশি সমস্ত রুশ সংস্থাগুলিকেও ভারতীয় অংশীদারদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক মজবুত করার বার্তা জয়শঙ্করের।
মস্কো সফরে গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সূত্রের খবর, সেখানে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্তুরভ'কে পাশে নিয়ে ভারত-রাশিয়ার বাণিজ্যিক সম্পর্কে আরও শান দেওয়ার কথা স্পষ্ট করেছেন তিনি। জয়শঙ্কর বলেছেন,'ব্যবসায়িক ক্ষেত্রে আরও বেশি কাজ করে ব্যবসায়িক বন্ধন অটুট রাখাই আমাদের মন্ত্র হওয়া উচিত।' তাঁর সংযোজন,'শুল্ক এবং অন্য বাধার অপরাসণে সরবরাহ সহজ করতে হবে। আন্তর্জাতিক উত্তর-দক্ষিণ পরিবহন করিডোর, উত্তর সমুদ্রপথ এবং চেন্নাই-ভ্লাদিভোস্তক করিডোরের মাধ্যমে আরও যোগাযোগ বাড়াতে হবে। পাশাপাশি উভয় সংস্থাগুলির আর্থিক বিনিময় মসৃণ করতে হবে।' পাশাপাশি জয়শঙ্কর মস্কো সফরে গিয়ে ভারত-রাশিয়া মুক্ত বাণিজ্যচুক্তির বিষয়ে সওয়াল করেছেন বলেও খবর সূত্রের। দ্রুত এই চুক্তি হলে দ্বিপাক্ষিক বাণিজ্যে জটিলতা কমবে বলে ধারণা তাঁর। আর এই একই সহমত পোষণ করেছেন রাশিয়ার উপ বিদেশমন্ত্রী মান্টুরভও।
অপরদিকে ট্রাম্পের শুল্ক চাপের বিপরীতে দাঁড়িয়ে ভারতের সঙ্গে বাণিজ্যপ্রীতি বজায় রাখতে খনিজ তেলে আরও বেশি করে ছাড় দিতে শুরু করেছে পুতিন'ও। উল্লেখ্য, সম্প্রতি নয়াদিল্লিতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত রোনাম বাবুশকিন আমেরিকার উপর তোপ দেগে বলেছেন, 'যেভাবে ভারতের উপর মার্কিন চাপ দেওয়া হচ্ছে তা একেবারেই কাম্য নয়। আমেরিকা সবটাই একতরফা করছে। যা সত্যিই অন্যায্য। আমেরিকা যদি কোনওভাবে ভারতীয় পণ্য না কেনে সেক্ষেত্রে রাশিয়া নিজেই তাদের বাজার খুলে দেবে। শুধু তাই নয়। রাশিয়া নিয়মিত ভাবেই ভারতকে তেলের জোগান দিয়ে যাবে যা তারা কিনবে।' রুশ রাষ্ট্রদূতের এহেন মন্তব্য কার্যত বিশ্ব রাজনৈতিক মহলে এক চর্চার বিষয় হয় দাঁড়িয়েছে বলেই মত কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের।