বিজেপি করার অপরাধে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটে জলপাইগুড়ির বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিস জানিয়েছে, আক্রান্ত বিজেপি কর্মীর নাম বীরেন শর্মা। অভিযোগ তপোশিলি জাতি ভুক্ত তৃ...
বিজেপি করার অপরাধে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটে জলপাইগুড়ির বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিস জানিয়েছে, আক্রান্ত বিজেপি কর্মীর নাম বীরেন শর্মা। অভিযোগ তপোশিলি জাতি ভুক্ত তৃণমল নেতা প্রধান হেমব্রম ও তার দলবল ওই বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার।
পুলিস সূত্রে জানা গিয়েছে, বীরেন শর্মা নামে ওই ব্যক্তি পাতকাটা গ্রাম পঞ্চায়েতের বদ্রিনাথপাড়া এলাকার বাসিন্দা। তিনি বিজেপির সক্রিয় কর্মী বলে দাবি পরিবারের। জানা গিয়েছে, পেশায় টোটো চালক বীরেন শর্মা সোমবার বিকেলে টোটো নিয়ে বেড়িয়েছিলেন। সেই সময়, পাতকাটা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা, এএসটি-এসসি সেলের তৃণমূলের নেতা প্রধান হেমব্রম ও তাঁর অনুগমীরা আচমকাই হামলা চালায় বিরেন শর্মার উপর। এরপর তাঁকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে বাঁশ,লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আহত অবস্থায় রাস্তার ধারে ফেলে চলে যায় দুষ্কৃতীরা দাবি আক্রান্তের স্ত্রীর। তারপর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে কোতয়ালি থানার পুলিস।
উল্লেখ্য, অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা প্রধান হেমব্রম। তাঁর দাবি, বীরেন শর্মা নামে ওই ব্যক্তি সহ কয়েকজন ভোটের ফলাফলের পর একজনকে মারধর করেছিলো। সেই ঘটনায় সে গ্রেফতারও হয়। ছাড়া পাওয়ার পর গতকাল ফের বীরেন শর্মা ওই পাদ্রিকুটির এলাকায় এসে আবার ওই ব্যক্তিকে মারধর করে। তখন স্থানীয় বাসিন্দারা বীরেন শর্মাকে মারধর করেছে বলে জানান।