তারকা দম্পতির বিবাহ-বিচ্ছেদের গুঞ্জনে যখন বলিউড উত্তাল, তখনি ঘরে এল খুশির খবর। দ্বিতীয়বার মা হচ্ছেন রণবীর সিংহের পত্নী দীপিকা পাড়ুকোন। রবিবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করে নিজেই এই মন ভালো করা খবর ...
তারকা দম্পতির বিবাহ-বিচ্ছেদের গুঞ্জনে যখন বলিউড উত্তাল, তখনি ঘরে এল খুশির খবর। দ্বিতীয়বার মা হচ্ছেন রণবীর সিংহের পত্নী দীপিকা পাড়ুকোন। রবিবার সকালে সমাজমাধ্যমে একটি পোস্ট করে নিজেই এই মন ভালো করা খবর জানিয়েছেন বলি-নায়িকা।
শনিবার সন্ধ্যার পর থেকেই এই প্রসঙ্গে নানা মহলে নানা গুঞ্জন শোনা গিয়েছিল। দম্পতির ঘনিষ্ঠদের অনেকেই সিং পরিবারে নতুন অতিথি আসার আভাস জানিয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে। অবশেষে সেই গুঞ্জনে সিলমোহর পড়ল রবিবার, অক্ষয় তৃতীয়ার দিন। এদিন সকালে সমাজমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন দীপিকা। সেখানে তাঁর প্রথম সন্তান দুয়ার হাতে একটি 'প্রেগন্যান্সি কিট' রয়েছে। যেখানে পরিষ্কার দুটি লাল চিহ্ন রণবীরের দ্বিতীয়বার বাবা হওয়ার সম্ভবনা স্পষ্ট করেছে। আর সেই ছবি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের তরফে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। দীপিকাকে শুভেচ্ছা জানিয়েছেন সমান্থা রুথ প্রভু, পরিণীতি চোপড়া, ভূমি পেডনেকর, সুনীল গ্রোভার, বিপাশা বসুর মত অসংখ্য বিশিষ্টজনেরা।
বলে রাখা ভালো, দীপিকার প্রথম সন্তান দুয়া'র বয়স বর্তমানে দু'বছর। এর মধ্যেই ফের একবার নতুন অতিথিকে পৃথিবীতে আনতে চলেছেন তারকা দম্পতি। অন্যদিকে দুয়া নতুন খেলার সঙ্গী হিসেবে ভাই পাবে না বোন, তা নিয়েও নেটিজেনদের মধ্যে চর্চা শুরু হয়েছে।