রাত্রি তখন ১১টা। ওড়িশার তালসারি কোস্টাল থানায় প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। অভিনেত্রীকে আগলে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্...
রাত্রি তখন ১১টা। ওড়িশার তালসারি কোস্টাল থানায় প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার। অভিনেত্রীকে আগলে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ একাধিক অভিনেতা-অভিনেত্রী। প্রায় তিন ঘণ্টা ধরে, রাত দুটো পর্যন্ত পুলিসের সঙ্গে বৈঠক করেন তাঁরা। রাহুলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তাঁরা।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, রাহুলের মৃত্যুর ঘটনায় লিখিত এফআইআর দায়ের করেন প্রিয়াঙ্কা। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে এফআইআরটি সকালেই আপলোড করা হবে। তিনি আরও বলেন, ওড়িশা পুলিস অত্যন্ত সহযোগিতামূলক ভূমিকা নিয়েছে এবং সাংবাদিকরাও পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়েছেন। সকলকে ধন্যবাদ জানান তিনি।
অন্যদিকে, ওড়িশা পুলিসের বালেশ্বর জেলার অ্যাডিশনাল এসপি দেবজ্যোতি দান জানান, ইতিমধ্যেই মামলা রেজিস্টার হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু করা হবে। এই মামলার কেস নম্বর ৬৩।
উল্লেখ্য, শুক্রবার রাত ১১টা নাগাদ আর্টিস্ট ফোরামের তরফে একটি জরুরি বৈঠক ডাকা হয়। সেই বৈঠক শেষে সাংবাদিকদের শান্তিলাল জানান, রাহুলের মৃত্যুর পর ধারাবাহিকের প্রযোজনা সংস্থার কাছে মৃত্যুর কারণ জানতে চেয়ে একটি চিঠি পাঠান হয়েছিল। কিন্তু সেই চিঠির সন্তোষজনক উত্তর না মেলায় আর্টিস্ট ফোরামের তরফে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরেই শনিবার রিজেন্ট পার্ক থানায় গিয়ে প্রযোজক সংস্থার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তাঁরা। পাশাপাশি প্রসেনজিৎ জানিয়েছিলেন, 'যে চলে গিয়েছে তাঁকে ফেরানো যাবে না। কিন্তু ওঁর (রাহুলের) ছেলে বড়ো হয়ে যেন জানতে পারে তার বাবা কীভাবে চলে গেলেন।'
প্রসঙ্গত, গত রবিবার সন্ধ্যায় আচমকাই এই দুঃসংবাদটি প্রকাশ্যে আসে। তালসারিতে লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজিত ধারাবাহিকের শুটিং চলছিল। অভিযোগ, সেখানেই সমুদ্রের জলে তলিয়ে যান রাহুল। অভিনেতার ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, জলের তলায় দীর্ঘক্ষণ ডুবে থাকার কারণেই মৃত্যু হয় তাঁর। এরপরেই জানা যায়, লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা নাকি পুলিসের কোনও অনুমতি ছাড়াই সেখানে শুটিং করছিল। তার পরেই রাহুলের মৃত্যুকে ঘিরে উঠতে থাকে নানা প্রশ্ন। আঙুল ওঠে প্রযোজনা সংস্থার দিকেও।