নাম না করে ভারতের উপর তোপ দাগলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি! ভারতের উপর শুল্ক চাপিয়েছে আমেরিকা। ট্রাম্প প্রশাসনের শুল্কারোপের সিদ্ধান্তকে একপ্রকার সমর্থন ইউক্রেনের! তবে নরেন্দ্র মোদী ও ভ...
নাম না করে ভারতের উপর তোপ দাগলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি! ভারতের উপর শুল্ক চাপিয়েছে আমেরিকা। ট্রাম্প প্রশাসনের শুল্কারোপের সিদ্ধান্তকে একপ্রকার সমর্থন ইউক্রেনের! তবে নরেন্দ্র মোদী ও ভারতের সরাসরি নাম করেননি তিনি। কিন্ত কূটনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, 'জেলেনস্কি যে মন্তব্য করেছেন তা থেকে একটি জিনিস স্পষ্ট। তিনি ভারতকেই নিশানা করেছেন।'
ইউক্রেনের প্রেসিডেন্ট আদতে কী দাবি করেছেন? সূত্রের খবর, এক মর্কিন সংবাদমাধ্যমে জেলেনস্কি দাবি করেছেন, 'যে যে দেশ রাশিয়ার সঙ্গে সমঝোতা করে চলছে এবং আগামীতেও চলবে সেই সমস্ত দেশের উপর শুল্ক চাপানো একদম সঠিক সিদ্ধান্ত। জানা গিয়েছে, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপাবে বলেই জানিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প! শুধু তাই নয়। সেই সঙ্গে মার্কিন অর্থসচিব হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন, 'রাশিয়ার থেকে যে যে দেশ এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে সেই সমস্ত দেশের উপরে ফের অতিরিক্ত শুল্ক চাপানো হবে।' ইতিমধ্যেই এমন ঘটনা শোরগোল ফেলে দিয়েছে আন্তর্জাতিক মহলে।
প্রসঙ্গত, ইউক্রেনের তরফ থেকে আগেই জানান হয়, 'রবিবার আচমকাই তাদের দেশের সচিবালয়ে ভয়ঙ্কর মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুধু তাই নয়। রাজধানী কিয়েভ সহ বহু জায়গায় হামলা চালান হয়েছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা গ্রাস করে ফেলে ওই এলাকা। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।' তবে এখনও অবধি আহত ও নিহতের সংখ্যা স্পষ্ট নয়। কূটনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের মতে, 'দীর্ঘ তিন বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আকাশপথে সবচেয়ে বড় হামলা এটি।'
ট্রাম্প কিছুদিন আগেই দাবি করেছেন, 'ইউরোপের দেশগুলি রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেনি। তেল কেনা চালিয়ে যাচ্ছে। যদি ওই দেশগুলি রুশ তেল কেনা বন্ধ করে, তাহলেই রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামবে। কারণ মস্কো তেল বিক্রি করে যে মোটা টাকা পাচ্ছে সেই মূলধন তাঁরা যুদ্ধে ব্যবহার করছে। যা ইউক্রেনের সঙ্গে যুদ্ধে অন্যতম রসদ জোগাচ্ছে রাশিয়াকে। অবিলম্বে মস্কোর থেকে তেল কেনা বন্ধ করতে হবে ইউরোপের দেশগুলিকে।'