রেশন বন্টন দুর্নীতিতে কোনও এক অভিযুক্তের মুখে শোনা গিয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তের নাম। এই অভিযোগে এই মামলায় দ্বিতীয়বারের তলবে বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিনেত্রী। সিএন-র কাছে বৃহস্পতিবার সেই এক্স...
রেশন বন্টন দুর্নীতিতে কোনও এক অভিযুক্তের মুখে শোনা গিয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তের নাম। এই অভিযোগে এই মামলায় দ্বিতীয়বারের তলবে বুধবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিনেত্রী। সিএন-র কাছে বৃহস্পতিবার সেই এক্সক্লুসিভ তথ্য এসে পৌঁছয়, ইডির কাছে ঠিক কী কী তথ্য জমা দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সাফাই বা দিয়েছেন কী?
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এই মুহূর্তে শিরোনামে অভিনেত্রীকে ইডির তলব ঘিরে। বুধবার ইডির দফতরে ঋতুপর্ণা হাজিরা দিলে তাঁকে প্রায় ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। ৫ ঘন্টায় ইডিকে নিজের এবং নিজের সংস্থার সঙ্গে টাকা পয়সা লেনদেনের বিষয়ে কী জানালেন অভিনেত্রী? রেশন বন্টন দুর্নীতিতে কার সঙ্গে টাকা লেনদেনে নাম এল অভিনেত্রীর? বুধবারের জিজ্ঞাসাবাদের সমস্ত রিপোর্ট এসে পৌঁছেছে সিএন-র হাতে।
সূত্রের খবর, ঋতুপর্ণা ইডির কাছে নথি দিয়ে দাবি করেছেন, তাঁর সংস্থায় ৬০ লক্ষ টাকা ঢুকেছিল ২০১৩ সালে। যার মধ্যে ২০১৫ সালে তিনি ২০ লক্ষ টাকা ফেরতও দিয়েছিলেন।
জানা গিয়েছে, একটি হিন্দি ছবি তৈরির জন্যই ঋতুপর্ণা সেই টাকা নিয়েছিলেন অভিজিৎ দাস নামে এক ব্যক্তির কাছ থেকে। সেই সময়ে ঋতুপর্ণাকে অভিজিৎ দাস পরিচয় দেন ব্যবসায়ী হিসেবে। তবে পরবর্তীতে জানা যায়, এই অভিজিৎ দাস রেশন বন্টন দুর্নীতিতে ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ। যদিও, যে হিন্দির ছবির জন্য বালু ঘনিষ্ঠ ব্যবসায়ীর কাছ থেকে অভিনেত্রী টাকা নিয়েছিলেন, সেই ছবি তৈরি হয়ে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলেও, কোনও এক অজ্ঞাত কারণে মুক্তি পায়নি আজও।
এই সবটা জানিয়ে ইডির দফতরে ঋতুপর্ণা নিজের ও তাঁর সংস্থার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জাতীয় যাবতীয় নথি তুলে দেন ইডির আধিকারিকদের কাছে। জমা দেন ছবি তৈরির চুক্তিপত্রও। দেন ২০ লক্ষ টাকা ফেরত দেওয়ার নথিও। এছাড়াও একাধিক ব্যাঙ্ক স্টেটমেন্ট ইডির কাছে জমা দিয়েছেন ঋতুপর্ণা। সিএন-র কাছে অভিনেত্রী ও ইডির জিজ্ঞাসাবাদ পর্বে ঘটে এই সমস্ত ঘটনাক্রমের সূত্র ও তথ্য এসে পৌঁছেছে। এখন দেখার, নিজের ও নিজের সংস্থার যাবতীয় তথ্য জমা দেওয়ার পরেও, তদন্তে পাওয়া সমস্ত ক্লু এবং অভিনেত্রীর বয়ান ও স্টেটমেন্ট খতিয়ে দেখার পর, ভবিষ্যতে আবারও সিজিও কমপ্লেক্সে তলব করা হয় কিনা অভিনেত্রীকে।