আদালতে সাময়িক স্বস্তি পেলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। আগামী সোমবার পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আজ, বৃ...
আদালতে সাময়িক স্বস্তি পেলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। আগামী সোমবার পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
আজ, বৃহস্পতিবার সুমিত রায়ের মামলাটি ওঠে শুনানির জন্য। কিন্তু রথযাত্রার কারণে রাজ্যের আইনজীবীরা উপস্থিত থাকতে না পারায় শুনানি মুলতবি রাখার আবেদন জানানো হয় বলে দাবি সূত্রের। এরপর আগামী সোমবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়। সেই দিন পর্যন্ত অভিযুক্ত সুমিত রায়ের বিরুদ্ধে পুলিস কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে না বলে আজ জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ফলে আপাতত কয়েকদিনের জন্য স্বস্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক।
প্রসঙ্গত, শালবনি থানা এলাকায় ৫০ একরেরও বেশি সরকারি জমি ভুয়ো নথি বানিয়ে দালাল মারফত বিক্রি করার অভিযোগ উঠেছে সুমিতের বিরুদ্ধে। পাশাপাশি ডেবরা থানা এলাকায় টাকার বিনিময়ে কয়েকজকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিতে নাম জড়িয়েছে তাঁর। সেই অভিযোগের ভিত্তিতে একাধিক দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। পরে তাঁর খোঁজে কলকাতা-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় পুলিস। এমনকি সুমিতকে খুঁজতে তোলপাড় করা হয় অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িও। এরপরই গ্রেফতারি এড়াতে আগেভাগে হাইকোর্টের দ্বারস্থ হন সুমিত। অন্যদিকে সুমিতকে ফেরার ঘোষণা করে তাঁর নামে লুক আউট নোটিশ জারি করেছে পুলিস। এমতাবস্থায় আগামী সোমবার এই মামলার শুনানিতে সুমিতের রক্ষাকবচ অক্ষুন্ন থাকবে কিনা, সেই দিকেই থাকবে নজর।