আরজি কর কাণ্ডে গত ৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভায় ‘অপরাজিতা বিল’ পাশ করা হয়। তারপর তা রাজভবনে পাঠানো হয়। অভিযোগ, এই বিলের ‘টেকনিক্যাল রিপোর্ট’ এখনও হাতে পাননি রাজ্যপাল। কারণ, রাজ্যের পেশ হওয়া যে কোন...
রাজ্যের ধর্ষণ-বিরোধী বিল নিয়ে জটিলতা তৈরি হয়েছে রাজভবনে। যা নিয়ে রাজ্য সরকারের আচরণে অসন্তোষ প্রকাশ করেছেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস। এই বিলের টেকনিক্যাল রিপোর্টও চাইলেন রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর, কোনও বিল সইয়ের জন্য পাঠানো হলে তার টেকনিক্যাল রিপোর্ট দেওয়ার দায়বদ্ধতা রাজ্যেরই। যা না পেলে কোনও বিলে রাজ্যপাল সম্মতি দিতে পারেন না।
আরজি কর কাণ্ডে গত ৩ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভায় ‘অপরাজিতা বিল’ পাশ করা হয়। তারপর তা রাজভবনে পাঠানো হয়। অভিযোগ, এই বিলের ‘টেকনিক্যাল রিপোর্ট’ এখনও হাতে পাননি রাজ্যপাল। কারণ, রাজ্যের পেশ হওয়া যে কোনও বিল নিয়েই প্রশ্ন তুলতে পারেন রাজ্যপাল। বিল কেন হয়েছে, কী ভাবে আনা হয়েছে, সেই সংক্রান্ত বিস্তারিত একটি রিপোর্ট বিলের সঙ্গেই জমা দিতে হয়। তাকেই মূলত বলা হয় ‘টেকনিক্যাল রিপোর্ট’।
যা নিয়ে রাজ্যের অপরাজিতা বিলকে ‘পলিটিক্যাল গিমিক’ বলে খোঁচা রাজভবনের। এছাড়া রাজভবনের মতে অন্ধ্র প্রদেশ, মহারাষ্ট্র, অরুণাচলেও একই বিল পাশ হয়েছে। রাজ্যের বিল সেই বিলেরই ‘কপি পেস্ট’, বলছেন রাজ্যপাল। পিটিআইয়ের খবর অনুযায়ী, বিধানসভায় পাশ হওয়ার পর ধর্ষণ-বিরোধী বিল নিয়ম মেনে রাজভবনে পাঠানো হয়েছে। কিন্তু ওই বিলের সঙ্গে ‘টেকনিক্যাল রিপোর্ট’ পাঠায়নি রাজ্য।