চিটফান্ড প্রতারণা মামলায় গ্রেফতার প্রয়াগ গ্রুপের দুই ডিরেক্টর বাসুদেব বাগচী ও অভীক বাগচী। মঙ্গলবার দিনভর তল্লাশি চালিয়ে নিউ আলিপুরের ফ্ল্যাট থেকে বাবা ও মুম্বই থেকে ছেলেকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্...
চিটফান্ড প্রতারণা মামলায় গ্রেফতার প্রয়াগ গ্রুপের দুই ডিরেক্টর বাসুদেব বাগচী ও অভীক বাগচী। মঙ্গলবার দিনভর তল্লাশি চালিয়ে নিউ আলিপুরের ফ্ল্যাট থেকে বাবা ও মুম্বই থেকে ছেলেকে গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। আমানতকারীদের সঙ্গে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বাসুদেব বাগচী ও অভীক বাগচীকে। আজ আদালতে তোলা হবে তাঁদের।
১৯৯৭ সালে দিল্লি থেকে ব্যবসা শুরু করে প্রয়াগ গোষ্ঠী। ইডি-র দাবি, এই অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে বেআইনিভাবে বাজার থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা তোলার অভিযোগ রয়েছে। এর মধ্যে ১ হাজার ৯০০ কোটি টাকা ফেরত দেয়নি প্রয়াগ গোষ্ঠী। গত জুলাই মাসে প্রয়াগ চিটফান্ড মামলার তদন্তে নতুন ECIR করে ইডি।এরপর গতকাল একযোগে কলকাতা ও মুম্বইয়ে অভিযান চালানো হয়। প্রয়াগ গোষ্ঠীর কোথায়, কত সম্পত্তি রয়েছে খতিয়ে দেখার পাশাপাশি, ইডি-র স্ক্যানারে প্রভাবশালী-যোগ। প্রভাবশালীদের কাছে কত টাকা, কীভাবে পৌঁছেছে তা জানতেই এবার বাবা-ছেলেকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় ইডি।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে ওড়িশায় দায়ের হওয়া মামলায় সিবিআই-র হাতে গ্রেফতার হয়েছিলেন প্রয়াগ গ্রুপের কর্ণধাররা। কিন্তু বর্তমানে জামিনে মুক্ত ছিলেন তাঁরা। এবার চিটফান্ড মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন তাঁরা।