06:53 PM
LATEST
তেহট্টে চরম বিক্ষোভের মুখে কৃষ্ণনগরের সাংসদ
তেহট্ট হাউলিয়া পার্ক মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে মিটিং করছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি নেতাকর্মীরা। মহুয়া মৈত্র বেরিয়ে যাবার সময় বাধা দেওয়া হয়। মহুয়া মৈত্র যখন গাড়ি নিয়ে বেরিয়ে যায় তখন তার গাড়ি লক্ষ্য করে বিক্ষোভকারীরা ডিম ছোড়েন। মহুয়া মৈত্রকে দেখে বিজেপি কর্মীরা কালো পতাকা দেখাতে থাকেন। পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই ঘটনাকে কেন্দ্র করে তেহট্ট হাউলিয়া মোড় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয়।
06:33 PM
UPI নিয়ে কোনও সিদ্ধান্ত পুনর্বিবেচনার হবে না!
ইউপিআই লেনদেনে ২০০০ টাকার বেশি পেমেন্টে দিতে হবে অতিরিক্ত ফি। মঙ্গলবার এই মর্মে নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফ থেকে সাফ জানানো হয়েছে, এই সিদ্ধান্তের নেপথ্যে কোনও বিদেশি প্রভাব ছিল না। ভারত স্বাধীনভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, রাহুল গান্ধী-সহ কংগ্রেস নেতৃত্ব দাবি করেছিল, মার্কিন তোষণ করে এই সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার।
05:42 PM
কলকাতা বিমানবন্দরে বাড়তে চলেছে বিমান পরিষেবা
বুধবার বিকালে কলকাতা বিমানবন্দরে অপারেশনাল বিল্ডিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কলকাতা এয়ারপোর্ট ডিরেক্টর বিক্রম সিং জানান, যাত্রী সেবা অভিযান পালন করা হবে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে। এবার ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্ম দিবসের দিন থেকে ১০ই অক্টোবর পর্যন্ত যাত্রী সেবা অভিযান চালানো হবে। এই সময়কালে বিমান যাত্রীদের পরিষেবা আরো কিভাবে উন্নত করা যায় তা নিয়ে অভিযান চালানো হবে। এরপরই কলকাতা বিমানবন্দরে সেই গুলো লাগু করা হবে বলে জানান কলকাতা এয়ারপোর্টের ডিরেক্টর বিক্রম সিং।
05:10 PM
'দেশজুড়ে শুভেন্দুর কাজের চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ সিং
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজনাথ সিং আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলা এগিয়ে যাবে। তাঁর নেতৃত্বেই বাংলায় প্রথমবার বিজেপি সরকার গঠন করেছে। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। এই ক’দিনে তাঁর কাজের চর্চা দেশের অন্যান্য রাজ্যেও হচ্ছে। রাজনাথের কথায়, ভারতকে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে শুভেন্দুর নেতৃত্বে বাংলা অংশগ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। আশা করি, আগামীদিনে শিপ বিল্ডিং হাব হিসেবে পৃথিবীর মধ্যে প্রথম স্থানে উঠে আসবে বাংলা।
02:25 PM
মাঝ সমুদ্রে ভারতের নৌযানে ধাক্কা পাক যুদ্ধজাহাজের
ভারতীয় নৌবাহিনীর ভেসেলে ধাক্কা পাকিস্তানের যুদ্ধজাহাজের। ভারতীয় নৌসেনা যখন আরব সাগরে রুটিন টহলদারি চালাচ্ছিল, সেই সময় খুব কাছাকাছি চলে আসে ভারত ও পাকিস্তানের জাহাজ। মঙ্গলবার সন্ধ্যায় উত্তর আরব সাগরের আন্তর্জাতিক জলসীমায় ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। পাক নৌসেনার এই আচরণ মোটেই ভালোভাবে নেয়নি ভারত।
01:17 PM
১৭১ কলেজের গভর্নিং বডির সভাপতির তালিকা প্রকাশ, তালিকায় একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব
রাজ্যের ১৭১টি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে গভর্নিং বডির সভাপতি নিয়োগের তালিকা প্রকাশ করল উচ্চশিক্ষা দপ্তর। মঙ্গলবার বিকাশ ভবন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে (১৪.০৯.২০২৬) এই তালিকা প্রকাশ করা হয়। পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও কলেজ (প্রশাসন ও নিয়ন্ত্রণ) আইন, ২০১৭ অনুযায়ী এই নিয়োগ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দার্জিলিং-সহ বিভিন্ন জেলার ১৭১টি কলেজ এই তালিকায় রয়েছে। নতুন সভাপতিরা দায়িত্ব নিলেই আগের অ্যাডমিনিস্ট্রেটরদের মেয়াদ শেষ হবে।
12:49 PM
ক্যামাক স্ট্রিটের অফিস খালি করতে দমকলের নোটিস খারিজ করল কলকাতা হাই কোর্ট
ক্যামাক স্ট্রিটের অফিস খালি করতে দমকলের নোটিস খারিজ করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের নির্দেশ, গত ৩ সেপ্টেম্বর তৃণমূল যে জবাব দিয়েছিল, নতুন করে দমকলকে সেই জবাব খতিয়ে দেখতে হবে। তারপর ফের ওই জায়গা পরিদর্শন করতে হবে।
12:28 PM
২ হাজারের বেশি UPI লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট চালু হতে চলেছে!
২ হাজার টাকার বেশি ইউপিআই পেমেন্টে এবার থেকে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালু হতে চলেছে। আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হবে নতুন নিয়ম। তবে সব ব্যবসায়ীকে ০.৪ শতাংশ হারে মাশুল দিতে হবে না। রেল, টেলিকম, বিমা, জ্বালানি-সহ নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে ২ হাজার টাকার বেশি লেনদেনে এমডিআর সর্বোচ্চ ৫ টাকা নির্দিষ্ট করা হয়েছে।
11:51 AM
শিল্পায়ন, বিনিয়োগ ও আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে রাজ্যের ৪ বিমানবন্দর ও সিভিল এনক্লেভ নিয়ে বড় পদক্ষেপ
শিল্পায়ন, বিনিয়োগ ও আঞ্চলিক অর্থনীতিতে গতি আনতে রাজ্যের ৪ বিমানবন্দর ও সিভিল এনক্লেভ নিয়ে বড় পদক্ষেপ।
পুরুলিয়ার ছররা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, আলিপুরদুয়ারের হাসিমারা এবং পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা—এই চার প্রকল্পের জন্য সমঝোতাপত্র স্বাক্ষরের প্রস্তুতি।
২৩ সেপ্টেম্বর সকাল ১১টায় নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি স্বাক্ষরের কর্মসূচি, সঙ্গে পরিবর্তিত ‘উড়ান ৬.০’ প্রকল্পে ত্রিপাক্ষিক সমঝোতাপত্র। রাজ্যের পরিবহন দপ্তরের সচিবের চিঠি নবান্নতে।
বিমান যোগাযোগের পরিকাঠামো এগোলে পুরুলিয়ার শিল্প ও খনিজ বলয়, পশ্চিম মেদিনীপুরের শিল্পাঞ্চল, উত্তরবঙ্গের পর্যটন এবং দক্ষিণ দিনাজপুরের ব্যবসা-বাণিজ্যের যোগাযোগ ব্যবস্থায় নতুন সুযোগ তৈরির সম্ভাবনা।
কলাইকুন্ডা সিভিল এনক্লেভ পশ্চিম মেদিনীপুর ও সংলগ্ন শিল্পাঞ্চলের যোগাযোগে, হাসিমারা উত্তরবঙ্গের পর্যটন ও বাণিজ্যিক যোগাযোগে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
একইভাবে ছররা বিমানবন্দর পুরুলিয়া ও পশ্চিমাঞ্চলের শিল্প-পর্যটনের যোগাযোগ বাড়াতে এবং বালুরঘাট বিমানবন্দর দক্ষিণ দিনাজপুরের আঞ্চলিক অর্থনীতিকে বৃহত্তর বাজারের সঙ্গে যুক্ত করতে সহায়ক হতে পারে।
11:43 AM
প্রথমবার মক্কায় এয়ার স্ট্রাইক অ্যালার্ট!
প্রথমবারের মতো ইসলামের পবিত্রতম শহর মক্কা ছাড়াও জেদ্দা এবং তায়েফ গভর্নরশিপসহ বেশ কয়েকটি অঞ্চলে হঠাৎই বিমান হামলার সতর্কবার্তা জারি করে সৌদির সিভিল ডিফেন্স। যদিও পরবর্তীতে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে 'এক্স' (সাবেক টুইটার) হ্যান্ডেলে নিশ্চিত করা হয় যে মক্কায় বিপদের সম্ভাবনা কেটে গিয়েছে এবং নাগরিকদের নিরাপদ থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
11:42 AM
শহরের একাধিক জায়গায় তল্লাশি ইডির
চিটফান্ডের মাধ্যমে টাকা তুলে নির্মাণ সংস্থায় টাকা খাটানোর অভিযোগ।নির্মাণ সংস্থায় কালো টাকা সাদা করার অভিযোগ নিয়ে তদন্তে ED। নারকেলডাঙা, নেতাজি নগর, রবীন্দ্র সরোবর-সহ ৬ টি জায়গায় তল্লাশিতে ED।
11:42 AM
তিন মাস পর খুলে গেল ডুয়ার্সের জঙ্গল
দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর বুধবার থেকে পর্যটকদের জন্য খুলে গেল ডুয়ার্সের গরুমারা জাতীয় উদ্যান-সহ সমস্ত জাতীয় উদ্যান ও সংরক্ষিত বনাঞ্চল। দীর্ঘ অপেক্ষার পর জঙ্গলে ঢোকার সুযোগ মিলতেই প্রথম দিনেই গরুমারা ও চাপড়ামারি-সহ বিভিন্ন বনাঞ্চলে পর্যটকদের ভিড় নজরে পড়েছে। ফের জঙ্গল সাফারি, বন্যপ্রাণী দেখার পাশাপাশি জঙ্গলের গভীরে থাকা বনবাংলোয় রাত্রিবাসের সুযোগ ফিরে পাওয়ায় খুশি পর্যটকেরা।
11:41 AM
চোখের ছবি পোস্ট করে বিদেশ থেকে বড় বার্তা অভিষেকের
বাঁ চোখের ঠিক নিচে স্পষ্ট একটা গভীর ক্ষতচিহ্ন। ছবিটা বেশ জুম করে তোলা। আর সেই ছবির নিচেই ইংরেজিতে লেখা চারটে লাইন—যার মর্মার্থ, আমার মুখের এই দাগ প্রমাণ করে আমি এক কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি। কিন্তু আমার চোখ বলছে, লড়াইয়ে আমি হার মানিনি—আমি এগিয়ে যেতে প্রস্তুত, অনেক কিছু করা এখনও বাকি।