পুজোর আগে ঝকঝকে নীল আকাশে মন ভালো করা সকাল দিয়েই শুরু সপ্তাহের। কিন্তু হাওয়া অফিসের খবর বলছে, এই রোদ বেশিক্ষণের নয়। সোমবার বিকেল গড়াতেই বদলে যাবে আবহাওয়ার চরিত্র। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপই ঘ...
পুজোর আগে ঝকঝকে নীল আকাশে মন ভালো করা সকাল দিয়েই শুরু সপ্তাহের। কিন্তু হাওয়া অফিসের খবর বলছে, এই রোদ বেশিক্ষণের নয়। সোমবার বিকেল গড়াতেই বদলে যাবে আবহাওয়ার চরিত্র। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপই ঘূর্ণিঝড় 'অর্ণব'-এ পরিণত হয়ে ভাসাতে পারে বাংলাকে। চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত চলবে দুর্যোগ।
কোথায় অবস্থান করছে নিম্নচাপ?
আপাতত সিস্টেমটি রয়েছে উত্তর আন্দামান সাগর ও লাগোয়া পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। ধীরে ধীরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে সরছে। আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, আজ সোমবারই এটি গভীর নিম্নচাপে পরিণত হবে। কাল মঙ্গলবার আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। বুধবার সকালে সেটি মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এসে পৌঁছবে। এরপর উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এগোবে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গে কী হবে?
আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। কাল থেকে মেঘ বাড়বে। বুধ থেকে শুক্র - তিনদিনই ভারী বৃষ্টি, বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার দাপট থাকবে।উপকূলে হাওয়ার দাপট সবচেয়ে বেশি। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার: দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার: দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি। বৃহস্পতি ও শুক্রবার: উপকূল সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। শনিবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি।
উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে
আজ উত্তরবঙ্গে তেমন বৃষ্টি নেই। মঙ্গলবার মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝড়ের সতর্কতা। বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি পাবে দার্জিলিং ও জলপাইগুড়ি। শুক্রবার জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরেও হলুদ সতর্কতা জারি থাকছে। শনিবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি চলবে।মৎস্যজীবীদের জন্য জরুরি বার্তাসমুদ্র উত্তাল থাকবে। তাই আজ মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে এবং ২২ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।