আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় এখনও তোলপাড় রাজ্য। আন্দোলন, বিক্ষোভ, মিছিল ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এমন কী অভিযুক্তের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এই আবহে আরজি...
আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় এখনও তোলপাড় রাজ্য। আন্দোলন, বিক্ষোভ, মিছিল ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এমন কী অভিযুক্তের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এই আবহে আরজি কর কাণ্ডে মূল অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুললো রাজ্যের নতুন কারা মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তাঁর দাবি, আরজি কর কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার সঙ্গে যেন ভুল না হয়। তাঁর মতে এই কাণ্ডে এক নয় একাধিক ব্যক্তি জড়িত। সিবিআই সঠিক তদন্ত করে যেন আসল অপরাধীকে সামনে আনেন। তাঁর আশঙ্কা, তদন্তের ভুলে ধনঞ্জয়-এর মতো পরিণতি হতে পারে আরজি কর-কাণ্ডে ধৃতের।
সূত্রের খবর, শুক্রবার বিকেলে সিউড়ি পুরসভার একটি অনুষ্ঠানে চন্দ্রনাথ সিংহ বলেন, “ধনঞ্জয় ষড়যন্ত্রের শিকার হয়ে ফাঁসি কাঠে ঝুলতে হয়েছে। কিন্তু এখনও ধনঞ্জয়ের অপরাধ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাই আরজি করের ঘটনায় ধৃত আদৌ দোষী কি না, না কি তার পিছনে আর কেউ রয়েছে, তা তদন্তসাপেক্ষ।” সেই সঙ্গে চন্দ্রনাথ বলেন, “মুখ্যমন্ত্রীর বেধে দেওয়া সময় পার হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত কোনো কিছু মিলল না।”
উল্লেখ্য, গত ৯ অগাস্ট আরজি কর মেডিক্যাল কলেজে এক চিকিৎসকের দেহ উদ্ধার হয়। অভিযোগ ওঠে, তাঁকে ধর্ষণ এবং খুন করা হয়েছে। ওই ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলন শুরু হয়। ন্যায়বিচারের দাবিতে আন্দোলন জারি রেখে কর্মবিরতি করছে ডাক্তাররা। এখনও পর্যন্ত ঘটনার পর থেকে একজনকেই গ্রেফতার করেছে পুলিস। যদিও আপাতত এই ঘটনার তদন্ত ভার রয়েছে সিবিআইয়ের হাতে। তবে রাজ্যের শাসক দলের মন্ত্রীর এমন বক্তব্যের পর প্রশ্ন তুলতে ছাড়ে নি বিরোধী দল।