শারদোৎসবে মেতে উঠছে শহর। তবে হাওয়া অফিসের ঝড়-বৃষ্টির অশনি সংকেতের কথা মাথায় রেখে নতুন জামা কাপড় পড়ে ব্যাগে ছাতা নিয়ে ঘুরতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। আজ রবিবার ষষ্ঠীর সারাদিন একাধিক জেলায় বিক্ষিপ্তভাব...
শারদোৎসবে মেতে উঠছে শহর। তবে হাওয়া অফিসের ঝড়-বৃষ্টির অশনি সংকেতের কথা মাথায় রেখে নতুন জামা কাপড় পড়ে ব্যাগে ছাতা নিয়ে ঘুরতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। আজ রবিবার ষষ্ঠীর সারাদিন একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। কলকাতা-সহ হাওড়া, হুগলি ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা। তবে বৃষ্টি চললেও সেই বৃষ্টিতে ভেস্তে যাবে না পুজোর আনন্দ। হাওয়া অফিস সূত্রে জানান হয়েছে অষ্টমী পর্যন্ত তেমন কোনও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বঙ্গে।
তবে নবমী থেকে শুরু হবে দুর্যোগ। নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। যার জেরে উত্তাল থাকবে সমুদ্রও। আগামী ১ অক্টবর থেকে বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর হাওয়া অফিস।
দক্ষিনবঙ্গের বেশ কিছু জায়গায় আগামী সোমবার সপ্তমী ও মঙ্গলবার অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা কম। মোটামুটি রৌদ্রজ্জ্বল থাকবে আবহাওয়া। তবে নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। কলকাতা-সহ নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা। নবমী থেকে শুরু করে একাদশী পর্যন্ত জারি থাকবে এই দুর্যোগ, পূর্বাভাস হাওয়া অফিসের। একইভাবে নবমী থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরের জেলা গুলিতেও।