Calcutta Television Network

ভারতীয় সিনেমার নতুন দিগন্তে আরিয়ান খান

ভারতীয় সিনেমার নতুন দিগন্তে আরিয়ান খান
19 November 2026 • 12:51:14 pm

ভারতীয় সিনেমার বদলে যাওয়া রূপরেখা ও ভবিষ্যৎ নির্মাতাদের স্বীকৃতি দিয়ে প্রথমবারের মতো প্রকাশিত TIME100 Next India তালিকা।আর এই তালিকার বিশেষ প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন পরিচালক ও নির্মাতা আরিয়ান খান। পায়েল কাপাদিয়া এবং থেজা রিওর সঙ্গে যৌথ প্রচ্ছদে স্থান পেয়ে তিনি প্রমাণ করেছেন যে ক্যামেরার পেছনে তাঁর নিজস্ব সৃজনশীল ভাষা কতটা স্বতন্ত্র।   

নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অফ বলিউড’-এর মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটিয়েছেন শাহরুখ খান-পুত্র আরিয়ান খান। মূলধারার বড় বাজেটের বিনোদনকে নতুন প্রজন্মের দর্শকের রুচি ও বুদ্ধিমত্তার সঙ্গে মেলাতে চেয়েছেন। বলিউডের চেনা মিথ ও পর্দার নেপথ্যের গল্পকে তীক্ষ্ণ রসবোধে সাজিয়ে তিনি দেখিয়েছেন, পুরোনো গল্পেও নতুন দৃষ্টিভঙ্গি ও বলার ভঙ্গি কীভাবে আলাদা মাত্রা যোগ করতে পারে।

 বিশাল ভরদ্বাজ তাঁর প্রশংসায় লিখেছেন, কিংবদন্তি উত্তরাধিকারের বাইরে গিয়ে আরিয়ান নিজের সহজাত ভঙ্গিতে বলিউডের বিনোদন ঐতিহ্যকে আধুনিক রূপ দিচ্ছেন। এই স্বীকৃতি ভারতীয় সিনেমার নতুন প্রজন্মের সৃজনশীল সাহসের এক উজ্জ্বল উদাহরণ।