Calcutta Television Network

নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, গথামের ব্যাটম্যানের ভবিষ্যৎ তবে কোন পথে ?

নতুন জেমস বন্ড রবার্ট প্যাটিনসন, গথামের ব্যাটম্যানের ভবিষ্যৎ তবে কোন পথে ?
19 November 2026 • 02:57:19 pm

হলিউডে যেন এক চমকপ্রদ নতুন অধ্যায়! ডেনিস ভিলেনিউভের পরিচালনায় অ্যামাজন এমজিএম-এর পরবর্তী 007 ছবিতে রবার্ট প্যাটিনসন নতুন জেমস বন্ড হিসেবে নির্বাচিত হতেই ভক্তদের মনে কৌতূহল- কালো কেপ আর মুখোশ ছেড়ে তিনি গুপ্তচরের দুনিয়ায় পা রাখলে ব্যাটম্যান-এর কী হবে?

আশ্বস্ত করার মতো খবর হলো, প্যাটিনসন এখনই ব্যাটম্যান ছেড়ে যাচ্ছেন না। 'দ্য ব্যাটম্যান' পার্ট II-এর শুটিং চলছে এবং ২০২৭ সালের শুরুতে কাজ শেষ হয়ে ২০২৮ সালের শুরুর দিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা। ম্যাট রিভস পারিবারিক কারণে সরে দাঁড়ানোর পর বাকি শুটিংয়ের বড় অংশে স্টিভেন সোডারবার্গের যুক্ত হওয়ার খবরও শোনা যাচ্ছে। 

বন্ড ছবিটি ২০২৮ সালের শেষের দিকে আসতে পারে, ফলে এই দুয়ের সরাসরি সংঘাতের সম্ভাবনা কম। তবু দীর্ঘ বিলম্ব ও ডিসি-র বদলে যাওয়া সমীকরণে প্যাটিনসনের তৃতীয় ব্যাটম্যান ছবি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পার্ট II তাঁর শেষ ব্যাটম্যান হতে পারে, আবার নতুন কোনো চুক্তি বা রিবুটের পথেও হাঁটতে পারে গথাম। একদিকে 007-এর টানটান রহস্য, অন্যদিকে গথামের অন্ধকার- দুই    আইকনিক  চরিত্রে প্যাটিনসনের সফর দর্শকদের উত্তেজনার পারদটা কিন্তু চড়াচ্ছে  ।