ডিজিটাল দুনিয়ায় আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে জনপ্রিয় র্যাপার বাদশা। তাঁর নতুন গান ‘তাতিরি’ (Tateeree) ঘিরে নেটদুনিয়ায় তীব্র সমালোচনার ঝড় উঠতেই কড়া পদক্ষেপ নিল হরিয়ানা পুলিস। নারীদের অবমাননা এবং আপত্তিকর লিরিক ও দৃশ্যায়নের অভিযোগে এই গানের মোট ৮৫৭টি ডিজিটাল লিঙ্ক বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
পুলিস সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ পঞ্চকুলায় গানটির বিরুদ্ধে একটি FIR দায়ের করা হয়। অভিযোগ ছিল, গানটির কিছু শব্দচয়ন ও ভিডিয়োর দৃশ্য নারী এবং শিশুদের জন্য অপমানজনক। অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিস এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া সংস্থার সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেয়।
এই অভিযানে ইতিমধ্যেই ১৫৪টি ইউটিউব ভিডিয়ো এবং ৭০৩টি ইনস্টাগ্রাম রিলস সরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, কেউ যদি ভবিষ্যতে আবার এই গানের অংশ বা ছোট ভিডিয়ো আপলোড করেন, তবে তাঁর বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। অর্থাৎ শুধুমাত্র গান প্রকাশই নয়, সেই গান দিয়ে রিল বানালেও আইনি জটিলতায় পড়তে হতে পারে।
হরিয়ানা পুলিসের ডিজিপি অজয় সিংঘল জানিয়েছেন, নারী ও শিশুদের মর্যাদাহানিকর কোনও কনটেন্ট সহ্য করা হবে না। একটি নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল পরিবেশ তৈরি করাই সরকারের লক্ষ্য।
এদিকে বিতর্কের মাঝেই তদন্তে যোগ দিয়েছেন বাদশা, যার আসল নাম আদিত্য প্রতীক সিং সিসোদিয়া। গত ১৯ মার্চ পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে পুলিস জানায়, তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন। পাশাপাশি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো পোস্ট করে তিনি ক্ষমাও চেয়েছেন। র্যাপারের বক্তব্য, কাউকে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না।