দাউদ ইব্রাহিমের সঙ্গে বহু বছর আগে তোলা একটি ছবি। যা নিয়ে বিতর্ক বিদ্যমান যুগ পেরিয়েও। তৎকালীন সময়েই দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন অভিনেত্রী মন্দাকিনী। ওই ছবি প্রকাশ্যে আসতেই তাঁর সঙ্গে দাউদের সম্পর্ক আছে কিনা সেই বিষয়ে খরচ হয়েছিল পাতার পর পাতা নিউজপ্রিন্ট। নানা প্রশ্ন উঠেছিল সংশ্লিষ্ট মহলে। এত দিন পরে সেই ছবি নিয়ে নিজের বক্তব্য ব্যক্ত করলেন অভিনেত্রী। তিনি দাবী করেছেন, দাউদের কোনও ব্যক্তিগত আমন্ত্রণে তিনি দুবাই যাননি। এক সাক্ষাৎকার চলাকালীন মন্দাকিনী জানান, একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি সেসময় দুবাই গিয়েছিলেন। অনুষ্ঠানের পর সেখানেই আয়োজিত একটি ক্রিকেট ম্যাচ দেখতে যান অভিনেত্রী। সেই সময়ই দাউদের সঙ্গে তাঁর ছবি উঠে যায়। 'ভাইরাল' শব্দবন্ধের প্রচলন তখনও হয়নি। তবে পাপারাজ্জিদের কাছে ছড়িয়ে পড়তে সময় লাগেনি সেই ছবি। তবে ওই ছবি ভবিষ্যতে এত বড় বিতর্কের কারণ হবে, তা তিনি নিজেও কখনো ভাবেননি বলেও জানান অভিনেত্রী। মন্দাকিনীর বক্তব্য, অভিনয়জগতের মানুষ হিসেবে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে তাঁদের সাক্ষাৎ হয়। প্রত্যেকের পরিচয় বা পরবর্তী মন্তব্যের জন্য একজন শিল্পীকে কখনোই দায়ী করা যায় না। তাঁর কথায়, কর্মসূত্রেই বহু মানুষের সঙ্গে দেখা করতে হয় এবং সেই সময় কে কী ভাবে বিষয়টিকে দেখবেন ও জলঘোলা করবেন, তা কখনোই শিল্পীর নিয়ন্ত্রণে থাকে না। দাউদের আমন্ত্রণেই দুবাই যাওয়া হয়েছিল কি না, সেই প্রশ্নের সরাসরি উত্তরও দিয়েছেন অভিনেত্রী মন্দাকিনী। তিনি জানান, এমন কোনও আমন্ত্রণ তিনি আজ অবধি পাননি। একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে ওই ছবি তোলা হয়েছিল।
ছবিটি সামনে আসার পরে মন্দাকিনীর ব্যক্তিগত জীবন এবং দাউদের সঙ্গে তাঁর যোগাযোগ নিয়ে বিভিন্ন ধরনের খবর বিনোদন বাজারে ছড়িয়ে পড়ে। অভিনেত্রীর দাবি, সেই বিতর্ক তাঁর পেশাগত জীবনেও দীর্ঘ নেতিবাচক প্রভাব ফেলেছিল। আজকে দাঁড়িয়ে তিনি উপলব্ধি করেন, প্রকাশ্যে এমন পরিস্থিতি তৈরি হলে তা সামলানোর জন্য শিল্পীদের পাশে একটি অভিজ্ঞ ও সুদক্ষ টিম থাকা আবশ্যক। মন্দাকিনীর অভিনয়জীবনের শুরুতেই বড় সাফল্য আসে। ১৯৮৫ সালে রাজ কপূর পরিচালিত ‘রাম তেরি গঙ্গা ময়লী’ ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কেড়ে নেন তিনি। ছবিটি বক্স অফিসেও বিপুল সাফল্য পায়। মন্দাকিনীর অভিনয় তাঁকে সে সময় হিন্দি চলচ্চিত্রের একজন পরিচিত মুখ করে তুলেছিল। এর পর বলিউডের একাধিক ছবিতে কাজ শুরু করেন তিনি। দীর্ঘ কেরিয়ারে ৭৫টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। অনিল কপূর, মিঠুন চক্রবর্তী এবং গোবিন্দা-সহ সেই সময়ের একাধিক জনপ্রিয় অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন মন্দাকিনী। দাউদের সঙ্গে সেই পুরনো ছবিকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক তাঁর কেরিয়ারে প্রভাব ফেলেছিল বলে অভিনেত্রী নিজেই জানান। বহু বছর পর তাঁর এই বক্তব্যের ফলে সেই সময়ের ঘটনা এবং ছবিটির প্রেক্ষাপট নিয়ে ফের তরজা শুরু হয়েছে।