বলিউড বাদশা শাহরুখ খানের ৬১তম জন্মদিনে প্রতিবছরের মতো এবারও মুম্বইয়ের ‘মান্নত’-এর বাইরে দেখা গেল এক অভাবনীয় উন্মাদনা। দেশের কোণায় কোণায় ছড়িয়ে থাকা ভক্তরা সব বাধা পেরিয়ে ছুটে এসেছেন তাঁদের প্রিয় তারকার এক ঝলক পাওয়ার আশায়। মাঝরাত থেকেই মান্নতের চত্বর মুখরিত হয়ে ওঠে হাজার হাজার অনুরাগীর স্লোগানে।
এই উদযাপনের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্তটি ছিল- ভক্তদের শাহরুখ খানের সেই কিংবদন্তি ভঙ্গি, অর্থাৎ দু'হাত দু'দিকে ছড়িয়ে দেওয়ার বিখ্যাত পোজ দেওয়া। প্রিয় তারকার এই স্টাইল অনুকরণ করে রাস্তার ওপরই সেলিব্রেশনে মেতে ওঠেন সব বয়সের অনুরাগীরা। কেউ কেক কাটছেন, তো কেউ নেচে-গেয়ে প্রকাশ করছেন নিজেদের ভালোবাসা।
অনুরাগীদের এই উজারকরা ভালোবাসাকে সম্মান জানাতেই প্রতিবারের মতো এবারও বারান্দায় এসে হাত নেড়ে, সেলাম জানিয়ে তাদেরকেও ভালোবাসা জানালেন কিং খান। রূপালি পর্দার বাইরেও এই জাদুকরি মেলবন্ধন প্রমাণ করে, যুগের পর যুগ পেরিয়ে গেলেও কোটি কোটি ভক্তের হৃদয়ে কেবল তিনিই অবিসংবাদিত 'বাদশাহ'। জন্মদিনের এই আলোর রোশনাই আর উন্মাদনা বুঝিয়ে দিল, শাহরুখ খান নিছক একজন অভিনেতা নন, তিনি এক জীবন্ত আবেগ!