কলকাতায় কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের বাড়িতে গিয়ে এক বিশেষ অভিজ্ঞতার সাক্ষী হলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার ফিলিপ গ্রিন। এই সফরকে তিনি বর্ণনা করেছেন “বিরল সম্মান” হিসেবে। বিশ্ব চলচ্চিত্রের যেকোনো অনুরাগীর কাছেই এই জায়গাতে পা রাখা এক গভীর ঐতিহাসিক অনুভূতি।যে জায়গায় বসে কালজয়ী সব কাহিনি, চিত্রনাট্য ও সুর তৈরি হয়েছিল।
সত্যজিৎ রায়ের পুত্র চলচ্চিত্র নির্মাতা সন্দীপ রায়ের আমন্ত্রণে তিনি এই বাড়িতে যান।সত্যজিৎ রায়ের বাড়িটি কেবল একটি ঠিকানা নয়, এটি শিল্পসাধনা, মানবিকতা এবং দৃশ্যকাব্যের এক জীবন্ত আর্কাইভ। ‘অপু ত্রয়ী’ থেকে শুরু করে তীক্ষ্ণ সমাজসচেতন ছবি কিংবা কল্পনার রঙে রাঙানো ছোটদের গল্প- তাঁর সৃষ্টি বিশ্ব চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছে, আবার শেকড়ের মতো জড়িয়ে ছিল বাংলার সাংস্কৃতিক আত্মার সঙ্গে। বাড়ির প্রতিটি কোণ যেন নীরব প্রতিভার ছোঁয়ায় আজও কথা বলে।
ফিলিপ গ্রিনের এই সফর দেখিয়ে দেয়, প্রকৃত শিল্পের উত্তরাধিকার কীভাবে সীমান্ত ও কূটনীতির গণ্ডি পেরিয়ে যায়। মহান সিনেমা কেবল বিনোদন দেয় না, সংস্কৃতির মাঝে সহমর্মিতা ও কৌতূহলের সেতু গড়ে তোলে। সত্যজিৎ রায়ের জগতে দাঁড়িয়ে আজও বোঝা যায়, তাঁর দৃষ্টিভঙ্গি কতখানি জীবন্ত ও প্রেরণাদায়ক।