অন্যকে খুশি রাখতে গিয়ে নিজেকেই অবহেলা করছেন? নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েও অন্যের কথা রাখেন? কারোর কথায় ‘না’ বলতে পারেন না? অন্যকে প্রাধান্য দিতে গিয়ে নিজের পছন্দ, সময় কিংবা মানসিক শান্তির সঙ্গে আপস করেন? অজান্তেই আপনি হয়তো People Pleasing-এর শিকার!
People Pleasing কী?
অন্যকে খুশি রাখতে গিয়ে নিজের প্রয়োজন ও শান্তি বিসর্জন দেওয়ার অভ্যাসকেই মনোবিজ্ঞানে People Pleasing বলা হয়। আপনি যদি সবসময় অন্যের চাওয়াকে প্রাধান্য দিয়ে মানসিক বা শারীরিক ক্লান্তিতে ভোগেন, তবে এর পেছনে এই প্রবণতা কাজ করতে পারে।
কীভাবে বুঝবেন আপনি People Pleasing-এর শিকার?
১. ‘না’ বলতে না পারা: নিজের সমস্ত কাজ ভুলে অন্যের কাজে ঝাঁপিয়ে পড়া। কারোর কোনও কথায় ‘না’ বলতে না পারা। নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েও অন্যকে খুশি রাখার জন্য কাজ করা।
২. অন্যের খারাপ আচরণের জন্য নিজেকে দোষী ভাবা: কেউ আপনার উপর রাগ করলে বা আপনার কথায় বিরক্ত হলে, নিজেকেই দোষী ভাবা। অন্যের খারাপ আচরণের জন্যও নিজের ভুল খুঁজতে থাকা।
৩. নিজের পছন্দকে অবহেলা: পছন্দের ডেস্টিনেশন ঠিক করাই হোক বা পছন্দের খাবার! অন্যদের পছন্দকেই প্রাধান্য দেওয়া। নিজের মতামত প্রকাশ করতে দ্বিধাবোধ করা।
৪. নিজের অনুভূতি প্রকাশে দ্বিধাবোধ: কারোর কথা বা আচরণে খারাপ লাগলে নিজের অনুভূতি প্রকাশ করতে না পারা। ঝামেলা এড়াতে নিজের রাগ-অভিমান, কষ্ট চেপে রাখা।
৫. নিজের প্রয়োজনকে স্বার্থপরতা মনে করা: অন্যের কথা ভুলে নিজের জন্য কিছু করতে গেলে নিজেকে অপরাধবোধে ভোগা। নিজের পছন্দকে গুরুত্ব দেওয়া কিংবা কাউকে প্রত্যাখ্যান করাকেও ভুল মনে হয়।
তবে দিনের পর দিন এই অভ্যাস ধীরে ধীরে মানসিক ক্লান্তির কারণ হয়ে উঠতে পারে বলেও মনে করা হচ্ছে। এর প্রভাবে বাড়তে পারে বিষণ্ণতা।
কীভাবে বেরিয়ে আসবেন এই অভ্যাস থেকে?
১. ‘না’ বলতে শিখুন: সবার সব অনুরোধ রাখার কোনও বাধ্যবাধকতা নেই।
২. নিজেকে গুরুত্ব দিন: অন্যকে খুশি রাখার আগে নিজেকে ভালো রাখুন।
৩. অপরাধবোধ কাটান: নিজের জন্য সময় চাওয়া বা নিজেকে গুরুত্ব দেওয়া স্বার্থপরতা নয়।
৪. অনুভূতি প্রকাশ করুন: কারোর কোনও আচরণে বা কথায় কিছু খারাপ লাগলে বা রাগ হলে অনুভূতি প্রকাশ করুন।
ভালো মানুষ হওয়ার অর্থ এই নয় যে নিজের ভালো থাকাকে সবসময় অন্যের জন্য বিসর্জন দিতে হবে। অন্যের পাশে দাঁড়ানোর পাশাপাশি নিজের পাশেও দাঁড়ানোও জরুরী। প্রয়োজনে এই অভ্যাস আপনার দৈনন্দিন জীবন বা সম্পর্ককে প্রভাবিত করলে মনোবিদের সাহায্য নিতে পারেন।