সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটের এক বৃহৎ গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। প্রায় ৩৭ লক্ষ মানুষের ওপর চালানো এই সমীক্ষায় দেখা যাচ্ছে, গর্ভাবস্থায় মায়ের শরীর থেকে ভ্রূণে সংক্রমিত হওয়া বিরল 'TORCH' জাতীয় জীবাণু পরবর্তী জীবনে শিশুর অটিজম এবং বুদ্ধিগত অক্ষমতার ঝুঁকি কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে। গবেষকরা জানাচ্ছেন, জন্মগত 'TORCH' সংক্রমণে আক্রান্ত শিশুদের অটিজমে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রায় তিনগুণ বেশি, বুদ্ধিগত অক্ষমতার ক্ষেত্রে এই ঝুঁকি সাতগুণ এবং গুরুতর বুদ্ধিগত অক্ষমতার ক্ষেত্রে প্রায় ৩০ গুণ পর্যন্ত বেড়ে যায়।
'TORCH' সংক্রমণ বলতে সাইটোমেগালোভাইরাস, রুবেলা, টক্সোপ্লাজমোসিস এবং হারপিসভাইরাসের মতো কিছু বিরল জীবাণুকে বোঝানো হয়। সাধারণ সংক্রমণগুলি সাধারণত গর্ভস্থ ভ্রূণের ক্ষতি করতে পারে না, কিন্তু এই বিশেষ জীবাণুগুলি অনেক সময় প্ল্যাসেন্টা অতিক্রম করে ভ্রূণে প্রবেশ করতে পারে। কারোলিনস্কা ইনস্টিটিউটের গবেষক রেনে গার্ডনার জানালেন, "এটি অবশ্যই মনে রাখা দরকার যে, মা থেকে শিশুর মধ্যে এই সংক্রমণ ছড়ানোর ঘটনা খুবই বিরল। জনসংখ্যার মোট অটিজম আক্রান্তদের মধ্যে এর সংখ্যা খুবই কম। তবে যে শিশুরা সত্যিই এর দ্বারা আক্রান্ত হয়, তাদের ক্ষেত্রে অটিজম ও বুদ্ধিগত অক্ষমতার ঝুঁকি স্পষ্টভাবে অনেকটাই বেশি দেখা যায়।"
১৯৮৭ থেকে ২০২১ সালের মধ্যে সুইডেনে জন্মানো ৩৭ লক্ষ মানুষের স্বাস্থ্য ও শিক্ষাগত তথ্য বিশ্লেষণ করে এই গবেষণা চালানো হয়েছে। এর মধ্যে ৯৭৫ জনের জন্মগত 'TORCH' সংক্রমণ ধরা পড়েছিল। প্রায় তিন দশক ধরে এই ব্যক্তিদের পর্যবেক্ষণ করে গবেষকরা তাঁদের নিউরোডেভেলপমেন্টাল সমস্যা এবং শিক্ষাগত ফলাফলের সঙ্গে এই সংক্রমণের সম্পর্ক খতিয়ে দেখেছেন। এই গবেষণায় 'ADHD' বা 'অবসেসিভ-কম্পালসিভ ডিসঅর্ডার'-এর সঙ্গে 'TORCH' সংক্রমণের সরাসরি যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। তবে, অটিজম বা বুদ্ধিগত অক্ষমতা না থাকা সত্ত্বেও 'TORCH' সংক্রমণে আক্রান্ত শিশুরা স্কুল পরীক্ষায় তুলনামূলকভাবে কম নম্বর পেয়েছে। গবেষকরা এই ফলাফলগুলিকে প্রতিরোধের গুরুত্ব তুলে ধরেছেন, কারণ রুবেলার মতো কিছু সংক্রমণ টিকাকরণের মাধ্যমে সহজেই আটকানো যায়, যেমনটি সুইডেনে জাতীয় টিকাকরণ কর্মসূচির মাধ্যমে প্রায় বিলুপ্ত করা হয়েছে।