Calcutta Television Network

মানুষের চেয়ে দ্বিগুণ দ্রুত সিদ্ধান্ত নিতে পারে কাক: গবেষণায় চমক

মানুষের চেয়ে দ্বিগুণ দ্রুত সিদ্ধান্ত নিতে পারে কাক: গবেষণায় চমক
13 November 2026 • 12:34:38 pm

জার্মানির ট্যুবিংগেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন। তাঁদের নতুন গবেষণা বলছে, মানুষের থেকে দ্বিগুণ দ্রুত গতিতে সিদ্ধান্ত নিতে পারে কাক। এমনকি, মানুষ ও বাঁদরদের চেয়েও দ্রুত কোনও বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখে এই পাখিরা। 'সায়েন্স' জার্নালে প্রকাশিত এই গবেষণাপত্র অনুসারে, চলন্ত বিন্দুর গতিপথ নির্ণয় করতে কাকদের গড় সময় লেগেছে মাত্র ২৩৫ মিলিসেকেন্ড। আর এই দ্রুততার মধ্যেও তারা চমৎকার নির্ভুলতা বজায় রেখেছিল, জানালেন গবেষকরা।

অধ্যাপক আন্দ্রেয়াস নিডার ও ফিলিপ স্মিডবাউয়ারের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় দু'টি কাককে একটি টাচস্ক্রিনের সামনে রাখা হয়। সেখানে চলমান বিন্দুর গতিপথ কোনদিকে, তা নির্ণয় করে কাকদের স্ক্রিনে সঠিক দিকে ঠোঁট দিয়ে ইঙ্গিত করতে বলা হয়। দেখা যায়, বিন্দুর গতিপথ খুব অস্পষ্ট হলেও কাকেরা নির্ভুলভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছে। গবেষকরা কাকের মস্তিষ্কের 'নিডোপালিয়াম কাউডোল্যাটেরালে' নামক একটি অংশে স্নায়ু কার্যকলাপ পরীক্ষা করে দেখেছেন, সিদ্ধান্ত গ্রহণের মাত্র ৭০ মিলিসেকেন্ডের মধ্যেই মস্তিষ্কের কোষগুলি দুই সম্ভাব্য গতিপথের মধ্যে পার্থক্য ধরতে শুরু করে।

গবেষকরা জানালেন, ভিন্ন মস্তিষ্ক কাঠামো হওয়া সত্ত্বেও কাকেরা মানুষ ও অন্যান্য প্রাইমেটদের মতোই স্নায়বিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেয়। যদিও স্তন্যপায়ীদের মতো পাখির মস্তিষ্কে সেরেব্রাল কর্টেক্সের স্তরবিন্যাস নেই, তবুও তারা একই মৌলিক নীতির ওপর ভিত্তি করে কাজ করে। গবেষকদের অনুমান, এই অসাধারণ দ্রুততা কাকদের বিবর্তনের পথে তাদের চাহিদার প্রতিফলন। দ্রুত দৃষ্টিশক্তি ব্যবহার করে নির্ভুল উড্ডয়ন বা খাদ্য সংগ্রহের মতো কাজে তাদের এই ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বললেন গবেষকরা। যদিও এই দ্রুত সিদ্ধান্তের পেছনের সঠিক জৈব-রাসায়নিক কারণগুলি এখনও অজানা, যা নিয়ে আরও গবেষণার প্রয়োজন।