Calcutta Television Network

পাউরুটির সঙ্গে পালংশাক, নতুন গবেষণায় মিলল স্বাস্থ্যকর জলখাবারের ইঙ্গিত

পাউরুটির সঙ্গে পালংশাক, নতুন গবেষণায় মিলল স্বাস্থ্যকর জলখাবারের ইঙ্গিত

1 September 2026 , 12:05:15 pm

সকালের জলখাবারে পাউরুটি অনেকেরই পছন্দের, মূলত যারা ইংলিশ ব্রেকফাস্ট পছন্দ করেন তাঁদের তো বটেই। তবে পাউরুটি খাওয়ার পর গ্যাস, অম্বল বা বুক জ্বালার সমস্যাতেও ভোগেন অনেকেই। কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি হওয়ার কারণেও পাউরুটির বদলে ডালিয়া বা ওটস খাওয়ার পরামর্শও দেওয়া হয়। তবে সাম্প্রতিক এক গবেষণায় পাউরুটি খাওয়ার বিষয়ে একটি ভিন্ন উপায়ের কথা সামনে এসেছে। অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দাবি, পাউরুটির সঙ্গে পালংশাক যোগ করলে খাবারটির পুষ্টিগুণ নাকি বেড়ে যায়। গবেষণায় দেখা গিয়েছে, পালংশাক নরম করে রান্না করে পাউরুটির উপর দিয়ে খেলে হজমের সমস্যা কমাতে এটি বিশেষভাবে সাহায্য করে। একই সঙ্গে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও এর ভূমিকা গুরুত্বপূর্ণ বলে গবেষকদের ধারণা। পালংশাকে রয়েছে প্রচুর ফাইবার, ভিটামিন এবং বিভিন্ন খনিজ পদার্থ। এতে থাকা কিছু উপাদান পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডের সমস্যা কমাতে সহায়ক হয়। তাই যাঁদের অ্যাসিড রিফ্লাক্স বা খাবার খাওয়ার পরে বুক ও গলা জ্বালার মত অম্লরোগের সমস্যা হয়, তাঁদের জন্য এই খাবার উপকারী হতে পারে বলে মনে করছেন গবেষককুল। গবেষণায় আরও দাবী করা হয়েছে, পালংশাকের সঙ্গে পাউরুটি খেলে রক্তে শর্করার দ্রুত বৃদ্ধি কিছুটা নিয়ন্ত্রণ করাও সম্ভব হতে পারে। বিশেষ করে যাদের অনিয়ন্ত্রিত ডায়াবিটিস রয়েছে বা যাঁদের রক্তে শর্করার মাত্রা ওঠানামা করে, তাঁদের ক্ষেত্রে এই ধরনের খাবার সহায়ক হতে পারে।

তবে ডায়াবিটিসের রোগীদের নিজেদের চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ মেনেই খাদ্যতালিকা তৈরি করা উচিত। পালংশাক ও পাউরুটির এই মিশ্রণ দীর্ঘ সময় পেট ভরা রাখতেও বিশেষ সাহায্যকারী। ফলে ঘন ঘন বাইরের খাবার, ভাজাভুজি বা মিষ্টি খাওয়ার প্রবণতাও অনেকক্ষেত্রে কমে যায়। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখতে এটি সকালের জলখাবারের একটি বিকল্প হতে পারে। পালংশাকে পটাশিয়াম, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন ও ফলিক অ্যাসিডের মতো পুষ্টি উপাদান রয়েছে। তাই রক্তাল্পতা বা অপুষ্টিতে ভোগা মানুষের খাদ্যতালিকাতেও শাকজাতীয় খাবারের গুরুত্ব রয়েছে। শিশুদের অনেকেরই শাকজাতীয় খাবার পছন্দ নয়, সেক্ষেত্রে তাদের পাউরুটির সঙ্গে পালংয়ের পিউরি দিয়ে অন্য ভাবে পরিবেশন করা যেতে পারে। এই খাবার তৈরি করাও বেশ সহজ। পালংশাক ভাপিয়ে বা সেদ্ধ করে পিউরি বানিয়ে পাউরুটির উপর লাগানো যেতে পারে। স্বাদ বাড়াতে প্রয়োজন মত রসুন ব্যবহার করা যেতে পারে। চাইলে সামান্য চিজ়, গোলমরিচ বা অরিগ্যানোও দেওয়া যায়। তবে বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র একটি খাবার খেলেই গ্যাস, অম্বল বা ডায়াবিটিসের সমস্যা সম্পূর্ণ সেরে যাবে, এমন ভাবার কিন্তু কোনো কারণ নেই। সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ; সুস্থ থাকার জন্য সব কিছুরই সমান গুরুত্ব রয়েছে।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN