গরমকালে অতিরিক্ত তাপমাত্রার কারণে অনেকেই সানস্ট্রোকে আক্রান্ত হন। দীর্ঘ সময় রোদে থাকলে শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং শরীর স্বাভাবিকভাবে ঠান্ডা হতে পারে না। ফলে মাথা ঘোরা, বমি, দুর্বলতা, জ্বর এমনকি অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। তাই সানস্ট্রোক থেকে বাঁচতে আগে থেকেই সতর্ক হওয়া জরুরি।
প্রথমত, প্রচণ্ড রোদে অপ্রয়োজনীয় বাইরে বের হওয়া এড়িয়ে চলতে হবে। বিশেষ করে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রোদের তাপ সবচেয়ে বেশি থাকে। এই সময় বাইরে গেলে ছাতা, টুপি বা সানগ্লাস ব্যবহার করা উচিত। হালকা রঙের ও ঢিলেঢালা সুতির পোশাক পরলে শরীর কম গরম হয়।
সানস্ট্রোক প্রতিরোধে পর্যাপ্ত জল পান করা খুবই গুরুত্বপূর্ণ। গরমে শরীর থেকে প্রচুর ঘাম বের হয়, ফলে জল শূন্যতা দেখা দিতে পারে। তাই দিনে অন্তত ৮-১০ গ্লাস জল পান করতে হবে। এছাড়া ডাবের জ, লেবুর শরবত, ওরস্যালাইন বা ফলের রস শরীরকে সতেজ রাখে।
খাবারের দিকেও বিশেষ নজর দিতে হবে। অতিরিক্ত তেল-মশলাযুক্ত ও ভারী খাবার এড়িয়ে হালকা ও সহজপাচ্য খাবার খাওয়া ভালো। তরমুজ, শসা, বাঙ্গি ও কমলার মতো জল যুক্ত ফল শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে।
যদি কারও সানস্ট্রোকের লক্ষণ দেখা দেয়, তাহলে দ্রুত তাকে ঠান্ডা স্থানে নিয়ে যেতে হবে। শরীরে জল ছিটিয়ে দিতে হবে এবং পর্যাপ্ত তরল পান করাতে হবে। অবস্থার অবনতি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
সচেতনতা ও কিছু সাধারণ নিয়ম মেনে চললেই সানস্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। গরমে নিজের ও পরিবারের সুরক্ষায় সবাইকে সতর্ক থাকতে হবে।