উচ্চশিক্ষা ক্ষেত্রে শিক্ষকতার পেশায় আগ্রহী প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর। দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে (DTU) সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিষয়ে মোট ২১৯টি শূন্যপদে নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৩ অক্টোবর থেকে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ৭ ডিসেম্বর, ২০২৬, বিকেল ৫টা। ফলে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
কোন কোন বিষয়ে রয়েছে শূন্যপদ?
বিভাগভিত্তিক শূন্যপদের মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ৩৬টি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ২০টি, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ২০টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১৮টি এবং অ্যাপ্লায়েড ফিজিক্সে ১৫টি পদ রয়েছে। পাশাপাশি অন্যান্য বিষয়েও নিয়োগের সুযোগ থাকছে। অসংরক্ষিত, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির প্রার্থীদের জন্য সংরক্ষিত পদ রয়েছে। বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্যও ১৭টি পদ চিহ্নিত করা হয়েছে।
কীভাবে আবেদন করবেন?
আবেদন করতে প্রার্থীদের দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির সরকারি ওয়েবসাইট dtu.ac.in-এ গিয়ে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখতে হবে। এরপর সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করে ব্যক্তিগত, শিক্ষাগত ও পেশাগত তথ্য দিতে হবে। প্রয়োজনীয় নথি আপলোড করে আবেদনমূল্য জমা দিয়ে আবেদনপত্র চূড়ান্ত করতে হবে।
কত টাকা আবেদনমূল্য?
প্রকাশিত তথ্য (https://www.dtu.ac.in/) অনুযায়ী, অসংরক্ষিত ও ওবিসি প্রার্থীদের আবেদনমূল্য ২,০০০ টাকা। অন্যদিকে, তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য আবেদনমূল্য ১,০০০ টাকা।
নিয়োগের ক্ষেত্রে প্রাথমিক বাছাই, নথি যাচাই, উপস্থাপনা ও সাক্ষাৎকারের মতো ধাপ থাকতে পারে। তাই আবেদনের আগে সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষাগত যোগ্যতা, সংরক্ষণের নিয়ম এবং সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি ভালোভাবে যাচাই করা জরুরি।