দেশসেবার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিতে চান? তাহলে Indian Police Service বা আইপিএস অফিসার হওয়ার লক্ষ্য আপনার জন্য হতে পারে সেরা কেরিয়ার বিকল্পগুলির একটি। তবে এই পদে পৌঁছতে গেলে কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষার পাশাপাশি প্রয়োজন শারীরিক ও মানসিক সক্ষমতা।
আইপিএস হতে কোন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে? আইপিএস অফিসার হওয়ার জন্য প্রথমে Union Public Service Commission (ইউপিএসসি) আয়োজিত সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। চূড়ান্ত মেধাতালিকায় ভালো র্যাঙ্ক অর্জন করলে প্রার্থীরা আইপিএস পদে নির্বাচিত হওয়ার সুযোগ পান।
এবার বলি আবেদন করতে হলে কী কী যোগ্যতার প্রয়োজন হয়? প্রথমত, ভারত, নেপাল ও ভুটানের নাগরিকরা আবেদন করতে পারেন। যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সাধারণ প্রার্থীদের বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তফসিলি জাতি ও উপজাতি (SC/ST) প্রার্থীরা ৫ বছরের বয়সে ছাড় পান। ওবিসি (OBC) প্রার্থীদের জন্য ৩ বছরের বয়সে ছাড় রয়েছে। এছাড়াও এখানে আবেদন করতে হলে, পুরুষদের ন্যূনতম উচ্চতা প্রয়োজন ১৬৫ সেন্টিমিটার ও মহিলাদের ন্যূনতম উচ্চতা প্রয়োজন ১৫০ সেন্টিমিটার।
এবার বলি, এখানে আবেদন করলে কী কী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে...
১. প্রিলিমিনারি পরীক্ষা
দুটি পত্রে পরীক্ষা নেওয়া হয়- জেনারেল স্টাডিজ, সিভিল সার্ভিস অ্যাপ্টিটিউড টেস্ট (CSAT)। দুটি পত্রই এমসিকিউ ভিত্তিক এবং প্রতিটি ২০০ নম্বরের।
২. মেইনস পরীক্ষা
প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীরা মেইনস পরীক্ষায় বসার সুযোগ পান। এই পরীক্ষায় মোট ৯টি পত্র থাকে। ভাষা, প্রবন্ধ, সাধারণ অধ্যয়ন এবং ঐচ্ছিক বিষয় মিলিয়ে বিস্তৃত মূল্যায়ন করা হয়।
৩. ব্যক্তিত্ব পরীক্ষা (ইন্টারভিউ)
মেইনস পরীক্ষায় সফলদের ২৭৫ নম্বরের সাক্ষাৎকারে অংশ নিতে হয়। মেইনস ও ইন্টারভিউয়ের মোট নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হয়।
আইপিএস অফিসারের দায়িত্ব কী?
একজন আইপিএস অফিসারকে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, সীমান্ত নিরাপত্তা, মাদক ও চোরাচালান রোধ, ভিআইপি নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক অপরাধের তদন্ত-সহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হয়। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে কাজ করেন তাঁরা। দেশের অন্যতম মর্যাদাপূর্ণ প্রশাসনিক পরিষেবায় যোগ দিতে চাইলে পরিকল্পিত প্রস্তুতি, অধ্যবসায় এবং ধারাবাহিক পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি।