পড়ুয়া ও তরুণ গবেষকদের জন্য সুখবর। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট ইন্টার্ন হিসেবে কাজের সুযোগ মিলতে চলেছে। বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এনভায়রনমেন্টাল স্টাডিজ়ে একটি প্রকল্পের কাজের জন্য মোট দু’জন স্টুডেন্ট ইন্টার্ন নিয়োগ করা হবে। এই নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা নয়, প্রার্থীদের মূল্যায়ন করা হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে।
নির্বাচিত ইন্টার্নদের প্রাথমিক ভাবে এক বছরের জন্য কাজের সুযোগ দেওয়া হবে। তবে প্রকল্পের প্রয়োজন এবং কাজের পরিস্থিতি অনুযায়ী এই মেয়াদ সর্বোচ্চ তিন বছর পর্যন্ত বাড়তে পারে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, ইন্টার্নদের জন্য রয়েছে মাসিক সাম্মানিক। প্রথম বছরে প্রতি মাসে ২০ হাজার টাকা, দ্বিতীয় বছরে ২১ হাজার টাকা এবং তৃতীয় বছরে ২২,০৫০ টাকা করে দেওয়া হবে।
আবেদনের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি, বায়োটেকনোলজি অথবা এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এমটেক ডিগ্রি থাকতে হবে। তবে এর পাশাপাশি আরও কিছু প্রয়োজনীয় যোগ্যতা ও শর্ত থাকতে পারে। তাই আবেদন করার আগে প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নেওয়া জরুরি।
এই নিয়োগ হবে ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী ৩০ জুলাই থেকে ইন্টারভিউ শুরু হওয়ার কথা। তবে ইন্টারভিউয়ে অংশ নেওয়ার আগে নির্দিষ্ট নিয়ম মেনে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (jadavpuruniversity.in) প্রকাশিত বিজ্ঞপ্তিতে আবেদন এবং নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে।