প্রকৃতি ও প্রযুক্তির যুগলবন্দি এবার বন্যপ্রাণ সংরক্ষণে এক নতুন অধ্যায় খুলছে। লাদাখ বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ গবেষণা প্রকল্পে কৃত্রিম মেধা বা AI ব্যবহার করে তুষারচিতা রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে-আর সেই কাজেই দরকার দক্ষ মানবসম্পদ।
লাদাখের শীতল মরুভূমি দীর্ঘদিন ধরেই তুষারচিতার নিরাপদ আবাসস্থল হিসেবে পরিচিত। এই বিপন্ন প্রাণীর গতিবিধি নজরে রাখা এবং সম্ভাব্য বিপদের আগাম সতর্কতা দিতে AI-নির্ভর প্রযুক্তি তৈরি করা হচ্ছে। এই প্রকল্পে সহায়তা করছে আইআইটি ভিলাই এবং ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্রীয় বিভাগ-এর বিশেষজ্ঞ দল।
এই গবেষণায় দুটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হবে-সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। সিনিয়র পদে আবেদন করতে হলে কম্পিউটার সায়েন্স, তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। পাশাপাশি ইন্টারনেট অফ থিংস (IoT), কম্পিউটার ভিশন এবং প্রেডিকটিভ মডেলিংয়ে দক্ষতা অপরিহার্য।
অন্যদিকে, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে বিজ্ঞান বিভাগের স্নাতক বা ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারবেন। তবে বন্যপ্রাণ সংক্রান্ত কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে তা বাড়তি সুবিধা দেবে।
এই প্রকল্পে কাজের মেয়াদ এক বছর। সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েটদের জন্য মাসিক ৪২,০০০ টাকা এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্টদের জন্য ১৮,০০০ টাকা সম্মানী নির্ধারিত হয়েছে।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। আগ্রহীদের ৩০ এপ্রিলের মধ্যে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার প্রমাণপত্রসহ আবেদন জমা দিতে হবে।