Calcutta Television Network

৭৮ নাকি ৭৯? এবার ভারতের কততম স্বাধীনতা দিবস, জেনে নিন সহজ হিসেব...

৭৮ নাকি ৭৯? এবার ভারতের কততম স্বাধীনতা দিবস, জেনে নিন সহজ হিসেব...

15 August 2025 , 09:25:51 am

১৫ অগাস্ট - ভারতের ক্যালেন্ডারের সবচেয়ে গর্বের দিন। ১৯৪৭ সালের এই দিনে ২০০ বছরেরও বেশি সময়ের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতার ভোর দেখেছিল দেশ। লাখো শহিদ, অসংখ্য স্বাধীনতা সংগ্রামী, অগণিত ত্যাগ ও আত্মবলিদান মিলে সেই দিনটি হয়ে উঠেছিল চিরস্মরণীয়। প্রতি বছর দেশজুড়ে পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক গান আর দেশপ্রেমের আবেগে ভাসে মানুষ।

কিন্তু ২০২৫ সালের এই স্বাধীনতা দিবস ঘিরে সোশ্যাল মিডিয়া থেকে বন্ধুবান্ধবের আড্ডা - সর্বত্র একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে:

এবার কি ৭৮তম স্বাধীনতা দিবস নাকি ৭৯তম?

শুনতে সহজ মনে হলেও, উত্তরটা একটু হিসেবি কৌশল চাই।

স্বাধীনতার পর কত বছর কেটেছে?

প্রথমে মনে হতে পারে, ব্যাপারটা তো খুব সোজা! ২০২৫ সাল থেকে ১৯৪৭ বাদ দিলেই উত্তর ৭৮ আসে। অর্থাৎ, স্বাধীনতার পর ৭৮ বছর কেটে গেছে।

তাহলে ৭৮তম স্বাধীনতা দিবস? এখানেই আসে গোলমাল। কারণ এই হিসেব শুধু 'কত বছর পেরিয়েছে' সেটা বলে, 'কতবার উদযাপন হয়েছে' সেটা বলে না।

উদযাপনের সংখ্যা বনাম বার্ষিকী

আমরা ভুলে যাই যে ১৯৪৭ সালের ১৫ আগস্টই প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়েছিল। তাই সেই দিন থেকেই গননা শুরু হয়।

উদাহরণস্বরূপ:

১ম স্বাধীনতা দিবস - ১৯৪৭

১০ম স্বাধীনতা দিবস - ১৯৫৬

২০তম স্বাধীনতা দিবস - ১৯৬৬

৫০তম স্বাধীনতা দিবস - ১৯৯৬

৭০তম স্বাধীনতা দিবস - ২০১৬

এভাবে ২০২৫ এ এসে আমরা ৭৮ বার নয়, ৭৮ বার শেষ করে ৭৯তম স্বাধীনতা দিবসে প্রবেশ করছি।

তাহলে বিভ্রান্তি কেন?

এই বিভ্রান্তির মূল কারণ হল -

মানুষ সরাসরি স্বাধীনতার বছর থেকে বর্তমান বছর বাদ দিয়ে যেটা পায়, সেটাকেই ‘কততম স্বাধীনতা দিবস’ ভেবে নেয়। কিন্তু এই পদ্ধতিতে আসলে আপনি স্বাধীনতার 'বছর পূর্ণ' হওয়ার সংখ্যা গণনা করছেন, উদযাপনের সংখ্যা নয়।

বার্ষিকী বনাম দিবস: পার্থক্যটা বোঝা যাক

বার্ষিকী (Anniversary): কোনো ঘটনার পর কত বছর পেরিয়েছে, সেটা বোঝায়। যেমন- ২০২৫ সালে হবে স্বাধীনতার ৭৮তম বার্ষিকী।

দিবস (Occasion): কতবার উদযাপন হচ্ছে, সেটা বোঝায়। তাই ২০২৫ সালের ১৫ আগস্ট হবে ৭৯তম স্বাধীনতা দিবস।

২০২৫ সালের ১৫ আগস্ট ভারত ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করবে, তবে এটা হবে স্বাধীনতার ৭৮তম বার্ষিকী। ছোট্ট এক হিসেবের খেল, কিন্তু দেশের ইতিহাস জানার জন্য এ পার্থক্য জানা জরুরি।

স্বাধীনতা শুধু একটা দিবস নয় - এটা ত্যাগ, আত্মবলিদান, সংগ্রাম আর ঐক্যের প্রতীক। ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা যেন ভুলে না যাই সেইসব বীরদের নাম, যাঁদের রক্তে রঙিন হয়েছিল আমাদের তেরঙ্গা পতাকা।

0 0 0

২০২৬ সালের পশ্চিমবঙ্গ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন?

Note:"আপনার তথ্যের গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি বিশ্লেষণধর্মী কথোপকথন এবং এখানে কোনো ব্যক্তিগত তথ্য সংরক্ষণ বা প্রকাশ করা হবে না"
×
  • CTVN