ইরান হরমুজ প্রণালী 'স্তব্ধ' রাখায় ব্যাপক আঘাত পড়েছে বিশ্ব বাজারে। বিগত কয়েকদিন ধরে সেখানেই আটকে রয়েছে একাধিক দেশের পণ্যবাহী জাহাজ। আর সেই তালিকায় নাম রয়েছে ভারতেরও। জানা যাচ্ছে, পারস্য উপসাগর, ওমান উপ...
ইরান হরমুজ প্রণালী 'স্তব্ধ' রাখায় ব্যাপক আঘাত পড়েছে বিশ্ব বাজারে। বিগত কয়েকদিন ধরে সেখানেই আটকে রয়েছে একাধিক দেশের পণ্যবাহী জাহাজ। আর সেই তালিকায় নাম রয়েছে ভারতেরও। জানা যাচ্ছে, পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং সংলগ্ন সমুদ্রে আটকে রয়েছে ভারতের ৩৭টি জাহাজ। যার মধ্যে এক হাজারেরও বেশি নাবিক এবং নৌকর্মী রয়েছেন বলে খবর। যা নিঃসন্দেহে উদ্বেগ বাড়াচ্ছে নয়া দিল্লির।
জানা যাচ্ছে, আটকে পড়া জাহাজ গুলোর মধ্যে বহু বাণিজ্যিক পণ্যের পাশাপাশি রয়েছে জ্বালানি তেল। কিছু জাহাজ আবার পারস্য উপসাগরীয় দেশগুলি থেকে পেট্রোপণ্য আনতে গিয়ে আটকে রয়েছে। এমতাবস্থায় আটকে পড়া জাহাজগুলোকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইন্ডিয়ান ন্যাশনাল শিপওনার্স অ্যাসোসিয়েশন। পাশাপাশি কেন্দ্রীয় সরকার যাতে এই সমস্যা মেটাতে হস্তক্ষেপ করে সেই আর্জিও জানিয়েছে।
এদিকে গোটা পরিস্থিতির দিকে নজর রেখেছে ভারতের জাহাজ চলাচল নিয়ামক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ শিপিংও। আটকে পড়া জাহাজগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে তারা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পশ্চিম এশিয়ার সংঘর্ষের বিদেশি জাহাজে থাকা অন্তত তিন ভারতীয় নৌকর্মীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন এক জন।