সম্প্রতি জেন-জি আন্দলোনের ঝাঁজ দেখেছে ভারত। নিট কেলেঙ্কারির বিরুদ্ধে মাটি কামড়ে প্রতিবাদ চালিয়ে গেছে দেশের তরুণ প্রজন্ম। নেপথ্যে নেতৃত্ব দিয়েছিল 'ককরোচ জনতা পার্টি'। শেষে বাধ্য হয়ে শিক্ষামন্ত্রী পদ থে...
সম্প্রতি জেন-জি আন্দলোনের ঝাঁজ দেখেছে ভারত। নিট কেলেঙ্কারির বিরুদ্ধে মাটি কামড়ে প্রতিবাদ চালিয়ে গেছে দেশের তরুণ প্রজন্ম। নেপথ্যে নেতৃত্ব দিয়েছিল 'ককরোচ জনতা পার্টি'। শেষে বাধ্য হয়ে শিক্ষামন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল ধর্মেন্দ্র প্রধানকে। এই পরিস্থিতিতে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে ওঠা সেই জেন-জি'দের কাছে টানতে চাইছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, সিজেপি প্রতিবাদের পর এই প্রথমবার জেন জির সামনে বক্তৃতা দেবেন তিনি। শুনবেন তাদের প্রশ্ন ও মতামত।
নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসেছিল সিজেপি। মূলত তিন দফা দাবিকে সামনে রেখে প্রতিবাদে বসেছিল তারা। যার মধ্যে একটি ছিল, ধর্মেন্দ্রের ইস্তফা। ছাত্রদের আন্দোলনকে সমর্থন জানিয়েছিল দেশের বিরোধী শিবির গুলোও। তবে পুরো আন্দোলনটাই ছিল মোটের উপর শান্তিপূর্ণ। তারপর থেকেই দেশের তরুণদের নিয়ে শুরু হয় চর্চা। খারাপ, ভালো দুই রকম ভাবেই সমালোচিত হয় সিজেপি। কিন্তু এই অবস্থায় জেন জি’কে কাছে টেনে নেওয়াই শ্রেয় বলে মনে করছে বিজেপি।
সেই সূত্রেই কেন্দ্রের তরফে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রীদের ডিউটি দেওয়া হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়ুয়াদের কথা শোনার। সেই সঙ্গে পড়ুয়াদের জন্য সরকার কী করছে, শিক্ষা ব্যবস্থার উন্নতিতে, বেকার সমস্যা দূর করতে সরকার কী পদক্ষেপ করেছে, সেটার তথ্যও তুলে ধরা হবে পড়ুয়াদের সামনে। এই অবস্থায় তরুণদের মন পড়তে খোদ মাঠে নামছেন প্রধানমন্ত্রীও।
সূত্রের খবর, আগামী ৫ সেপ্টেম্বর অর্থাৎ শিক্ষক দিবসে দিল্লির শ্রীরাম কলেজ অফ কমার্সে যাবেন মোদী। কলেজের শতবর্ষ পূর্তি উপলক্ষে বক্তৃতা দিতে পারেন তিনি। তারপর কলেজের পড়ুয়াদের সঙ্গে প্রধানমন্ত্রী কিছুক্ষণ কথা বলবেন। শুনবেন তাঁদের সমস্যা, অভাব ও অভিযোগ।