শালবনির জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে গ্রেফতার করেছে সিআইডি। বৃহস্পতিবার কালীঘাটে সাংসদের বাড়ি থেকেই সুমিতকে পাকড়াও করা হয়। আজ, শুক্রবার তাঁকে মেদিনীপুর আদালতে পেশ ...
শালবনির জমি দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে গ্রেফতার করেছে সিআইডি। বৃহস্পতিবার কালীঘাটে সাংসদের বাড়ি থেকেই সুমিতকে পাকড়াও করা হয়। আজ, শুক্রবার তাঁকে মেদিনীপুর আদালতে পেশ করা হয়েছে। আপাতত কোর্ট লকআপে রাখা হয়েছে সুমিতকে। দুপুরের দিকে তাঁকে পেশ করা হবে এজলাসে।
সূত্রের খবর, আজ সুমিতের ১৪ দিন জেল হেফাজতের আবেদন জানানো হবে সিআইডির তরফে। এদিন সুমিতকে নিয়ে আদালতে পৌঁছোনোর আগে থেকেই কোর্ট চত্বরে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিস বাহিনী। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যেই তাঁকে আদালতের ভিতরে নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার সুমিতের রক্ষাকবচ বাতিল হওয়ার পরেই তাঁকে গ্রেফতার করে সিআইডি। সূত্রের খবর, শালবনির জমি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, সুমিত তদন্তে সহযোগিতা করেননি। জিজ্ঞাসাবাদের সময় একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন বার বার। সেই কারণেই তাঁর রক্ষাকবচ বাতিলের সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত।
বলে রাখা ভালো, গতকাল কালীঘাটে অভিষেকের বাড়িতে সিআইডির দল পোঁছোতেই পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে উপস্থিত নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিসের। পরে মূল গেট খুলতেই সুমিতকে ধরে ফেলেন তদন্তকারীরা। এরপর তাঁকে ভবানী ভবনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্বাস্থ্যপরীক্ষার জন্য নেওয়া হয় এসএসকেএম হাসপাতালে। তাঁর গ্রেফতারি প্রসঙ্গে বিধানসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'প্রসিদ্ধ তোলাবাজ সুমিত রায় গ্রেফতার হয়েছেন। সুপ্রিম কোর্টে রক্ষাকবচ বাতিল হওয়ায় কালীঘাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে গ্রেফতার করা হয়েছে। ১২১, কালীঘাট রোড থেকে তাঁকে রাজ্য পুলিশের সিআইডি গ্রেফতার করেছে।'