হরমুজে ইরান বাহিনীর অতর্কিত জাহাজ হামলায় মৃত্যু হয়েছে এক ভারতীয় নাবিকের। গুরুতর জখম হয়েছেন আরও ৬ ভারতীয়। এমতাবস্থায় এই ঘটনার প্রেক্ষিতে ইরানের রাষ্ট্রদূতকে বিদেশ মন্ত্রকে তলব করল নয়া দিল্লি। এর আগেও গ...
হরমুজে ইরান বাহিনীর অতর্কিত জাহাজ হামলায় মৃত্যু হয়েছে এক ভারতীয় নাবিকের। গুরুতর জখম হয়েছেন আরও ৬ ভারতীয়। এমতাবস্থায় এই ঘটনার প্রেক্ষিতে ইরানের রাষ্ট্রদূতকে বিদেশ মন্ত্রকে তলব করল নয়া দিল্লি। এর আগেও গত রবিবার ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলা চালিয়েছিল ইরান। সেই ঘটনায় ভারতের তরফে কড়া নিন্দা জানান হয়েছিল। পাশাপাশি লাগাতার হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল মোদী সরকার।
এই আবহেই মঙ্গলবার সকালে ফের হরমুজে দু’টি তৈলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। যার ফলে মৃত্যু হয় এক ভারতীয়ের। এমতাবস্থায় ইরানের লাগাতার হামলার বিরুদ্ধে কঠোর মনোভাব প্রকাশ করল নয়াদিল্লি। তলব করা হল দিল্লিতে ইরানি দূতবাসের ডেপুটি চিফ অফ মিশন মুহাম্মদ জাভেদ হুসেনিকে। পর পর এই হামলাগুলিতে নয়াদিল্লি যে তেহরানের উপরে অসন্তুষ্ট, তা এই তলব থেকেই অনুমেয়। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি প্রকাশ করেনি বিদেশ মন্ত্রক।
জানা যাচ্ছে, মঙ্গলবার ভোরে হরমুজে তেলবাহী দু’টি ট্যাঙ্কার— মোম্বাসা এবং আল বাহিয়াকে লক্ষ্য করে হামলা চালায় ইরান। ক্ষেপণাস্ত্র হামলার সময় দুটি জাহাজই ওমানের জলসীমায় ছিল। ইরানি আক্রমণে নিহত ভারতীয় নাবিক ছিলেন মোম্বাসা জাহাজে। বাকি জখম ছ'জন কোন তা এখনও নিশ্চিভাবে বলা যাচ্ছে না। অন্যদিকে এই গোটা ঘটনা প্রসঙ্গে ইরানের দাবি, জাহাজ দুটি সতর্কবার্তা উপেক্ষা করেই মাইন পাতা একটি পথ দিয়ে দিয়ে এগোচ্ছিল। তাই বড় বিপদ এড়াতে সেগুলোয় হামলা চালিয়ে থামানো হয়েছে।