আজ ১৫ অগাস্ট। স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপিত হচ্ছে দেশজুড়ে। রীতি মেনেই আজ সকালে লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর সেখানে দাঁড়িয়েই মাওবাদ ও মাওবাদ মনোভাবাপন...
আজ ১৫ অগাস্ট। স্বাধীনতার ৮০তম বর্ষ উদযাপিত হচ্ছে দেশজুড়ে। রীতি মেনেই আজ সকালে লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর সেখানে দাঁড়িয়েই মাওবাদ ও মাওবাদ মনোভাবাপন্নদের বিরুদ্ধে কড়া বার্তা দেন তিনি। সশস্ত্র মাওবাদীর সংখ্যা কমে এলেও দেশে মাওবাদ মনোভাবাপন্নরা ঘুরে বেড়াচ্ছেন বলে সতর্ক করেন মোদী।
দেশকে মাওবাদ মুক্ত করতে ইতিমধ্যেই একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফে। বছরভর চলছে মাও-নিকেশ অভিযান। যার ফলে বিগত কয়েক বছরে প্রায় কয়েক হাজার মাওবাদী আত্মসমর্পণ করেছেন। সেনা গুলিতে নিহত হয়েছেন আরও কয়েক-শো। কিন্তু তা-সত্ত্বেও দেশে মাওবাদী মনোভাবাপন্ন মানুষের সংখ্যা কমেনি বলেই মনে করেন প্রধানমন্ত্রী। ২০১৪ সালে তিনি যখন দেশের ভার নিয়েছিলেন, সেই সময়েই প্রতিজ্ঞা করেছিলেন, দেশকে মাওবাদী মুক্ত করা হবে। আজ সেই প্রসঙ্গ তুলেই মোদী বলেন, 'মাওবাদ এই দেশকে রক্তাক্ত করেছে। ২০১৪ সালে আপনারা যখন আমাদের সুযোগ দিলেন, সেই দিন থেকেই প্রতিজ্ঞা করেছিলাম দেশকে মাওবাদী মুক্ত করব।'
এরপরেই তিনি 'দিমাগি নকশাল' কথাটি ব্যবহার করে দেশবাসীকে সতর্ক করেন। বলেন, সশস্ত্র মাওবাদীদের সংখ্যা কমলেও মেধাবী মাওবাদী এবং মাওবাদী মনোভাবাপন্নরা এখনও এ দেশে ঘুরে বেড়াচ্ছে। তাঁদের চিহ্নিত করতে হবে। তাঁদের বিচ্ছিন্ন করে দিতে হবে যাতে দেশের সমাজব্যবস্থাকে তাঁরা কোনও ভাবেই নিজেদের ভাবধারায় উদ্ধুদ্ধ করতে না পারেন। মাওবাদীরা এখন তাঁদের শেষ প্রহর গুনছেন বলেও এদিন জানান প্রধানমন্ত্রী।