আরও স্বস্তি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। পশ্চিমবঙ্গে ভোট আবহে আরও দুই শতাংশ মহার্ঘ ভাতা বাড়াল কেন্দ্রের মোদী সরকার। যা অনুমোদন হল মন্ত্রিসভায়। এত দিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা...
আরও স্বস্তি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। পশ্চিমবঙ্গে ভোট আবহে আরও দুই শতাংশ মহার্ঘ ভাতা বাড়াল কেন্দ্রের মোদী সরকার। যা অনুমোদন হল মন্ত্রিসভায়। এত দিন পর্যন্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা ৫৮ শতাংশ হারে ডিএ পেতেন। নতুন করে দুই শতাংশ বেড়ে বর্তমানে তা হল ৬০ শতাংশ। ফলে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ডিএ-র ফারাক বেড়ে হল ৩৮ শতাংশ। যা আগে ছিল ৩৬ শতাংশ।
অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বহুদিন ধরেই অষ্টম পে কমিশনের দাবি তুলে আসছেন। যা বাস্তবে কার্যকর হলে বেতন কাঠামোয় বিরাট পরিবর্তন ঘটবে। ইতিমধ্যেই ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির তরফে কেন্দ্রকে একটি স্মারকলিপি দিয়ে বেতন কাঠামোয় পরিবর্তনের দাবি জানান হয়েছে। সেই আবেদন গৃহীত হলে সরকারি কর্মীদের প্রাথমিক বেতন ১৮ হাজার থেকে বেড়ে ৬৯ হাজার পর্যন্ত হবে। এই নিয়ে বর্তমানে আলোচনা চলছে শীর্ষ দফতরে। তবে তার মধ্যেই নতুন করে ২ শতাংশ ডিএ বাড়ালো কেন্দ্র।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মধ্যে ডিএ নিয়ে ক্ষোভ বহুদিনের। একাধিকবার তাঁদের তরফে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার জন্য দাবি জানান হলেও বিশেষ লাভ হয়নি। পরে সেই আবেদন আদালত পর্যন্ত গড়িয়েছে। যদিও রাজ্য সরকারের তরফে বারবার বলা হয়েছে ডিএ বাধ্যতামূলক নয়। রাজ্যের হাতে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার মতো অর্থ নেই বলেও জানান হয়েছে। এমতাবস্থায় শীর্ষ আদালতের তরফে নির্দেশ দেওয়া হয় পুরনো বকেয়া ডিএ-র ২৫ শতাংশ অবিলম্বে মেটাতে হবে রাজ্যকে। বাকি অংশের জন্য একটি কমিটি গড়ে দেওয়া হয়েছিল।