আলিপুরদুয়ার জেলার ৫ টি বিধানসভার DCRC সেন্টার থেকে ইভিএম বদল করার অভিযোগ তুলল বিজেপি। তাদের দাবি, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের দুটি গেটের মধ্যে একটিতে কঠোর নিরাপত্তা থাকলেও দক্ষিন দিকে অবস্থিত দ্বিতীয় ...
আলিপুরদুয়ার জেলার ৫ টি বিধানসভার DCRC সেন্টার থেকে ইভিএম বদল করার অভিযোগ তুলল বিজেপি। তাদের দাবি, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের দুটি গেটের মধ্যে একটিতে কঠোর নিরাপত্তা থাকলেও দক্ষিন দিকে অবস্থিত দ্বিতীয় গেটটিতে কোনও নিরাপত্তা ছিল না। এমনকি ছিল না কোন সিসি ক্যামেরাও। এই অবস্থায় সেই গেট দিয়েই কয়েকটি গাড়ি করে DCRC-র অস্থায়ী টেন্ট থেকে জমা পড়া ইভিএম বার করে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল বলে অভিযোগ।
সেই মুহূর্তের বেশ কয়েকটি ভিডিও প্রকাশ করা হয়েছে অভিযোগকারীদের তরফে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে এই ঘটনা নজরে আসতেই প্রশাসনকে জানান হয় দলের তরফে। পরে গেটটিকে বাঁশ দিয়ে বেঁধে সিল করে দেওয়া হয়। অন্যদিকে এই ঘটনায় বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি মিঠু দাস ক্ষোভ প্রকাশ করেছেন। গোটা বিষয়টি নির্বাচন কমিশনের কাছে জানান হবে বলেও জানিয়েছেন তিনি। তাঁর আরও অভিযোগ, প্রশাসনের সহযোগিতাতেই এই কাণ্ড ঘটেছে। যদিও এই ব্যাপারে জেলা নির্বাচনী আধিকারিকদের তরফে কোনও মন্তব্য প্রকাশ করা হয়নি এখনও।
অন্যদিকে এই একই ঘটনার প্রতিচ্ছবি দেখা গিয়েছে পূর্ব মেদিনীপুরের পশ্চিম পাঁশকুড়া বিধানসভাতেও। সেখানেও বিজেপি কর্মীদের অভিযোগ, ভোট শেষ হওয়ার পর সিল করা ইভিএম মেশিন নিয়ে ভোটকর্মীরা যেখানে যাওয়ার কথা ছিল, সেখানে না গিয়ে অন্যত্র চলে যায়। এমনকি সঙ্গে কোনও নিরাপত্তা বাহিনী ছিল না বলেও অভিযোগ। পরে ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গেলে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিস। ভোট চুরির চক্রান্ত করা হয়েছে বলেই প্রাথমিক ভাবে দাবি বিজেপির।