ভারতের 'সিঁদুর' সাফল্যের নেপথ্যে অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর সেই হাতিয়ার ব্যবহার করে আকাশেই গুড়িয়ে দেওয়া হয়েছিল একের পর এক পাক ড্রোন। এই অবস্থায় রাশিয়া...
ভারতের 'সিঁদুর' সাফল্যের নেপথ্যে অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আর সেই হাতিয়ার ব্যবহার করে আকাশেই গুড়িয়ে দেওয়া হয়েছিল একের পর এক পাক ড্রোন। এই অবস্থায় রাশিয়া থেকে আরও পাঁচ ইউনিট এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার অনুমোদন পেল ভারতীয় বিমানবাহিনী। ফলে নিঃসন্দেহে যে ভারতের অস্ত্র ভাঁড়ার আরও মজবুত হতে চলেছে তা বলাই বাহুল্য।
সূত্রের খবর, প্রতিরক্ষাসচিব রাজেশকুমার সিংহের নেতৃত্বে গঠিত বোর্ড ভারতীয় বিমানবাহিনীর প্রস্তাবে সায় দিয়েছে। এবার এই বিষয়টি বিবেচনার জন্য যাবে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বাধীন প্রতিরক্ষা ক্রয় বিষয়ক পরিষদের কাছে। সেখান থেকে ছাড়পত্র পেলেই চূড়ান্ত অনুমোদনের জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির কাছে পাঠান হবে বিষয়টি।
প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পরে ২০২৫ সালের ৭ মে পাক জঙ্গিঘাঁটিতে 'অপারেশন সিঁদুর' অভিযান চালিয়েছিল ভারতীয় বাহিনী। জবাবে ভারতের ১৫টি শহরকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল পাকিস্তান। কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর আগেই সেই ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করে দিয়েছিল রাশিয়ার তৈরি এস-৪০০। আর সেই সাফল্যের পরই আরও এস-৪০০ কেনার ব্যাপারে আগ্রহ দেখায় ভারত।