ফের দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তিকে সামনে রেখে বৈঠকে বসতে চলেছে ভারত-আমেরিকা। আজ, সোমবার থেকেই ওয়াশিংটনে শুরু হচ্ছে তিন দিনের বাণিজ্য আলোচনা। সেই বৈঠকে যোগ দিতে ভারতের তরফে ১২ জনের প্রতিনিধি দল যাবে বলে খ...
ফের দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তিকে সামনে রেখে বৈঠকে বসতে চলেছে ভারত-আমেরিকা। আজ, সোমবার থেকেই ওয়াশিংটনে শুরু হচ্ছে তিন দিনের বাণিজ্য আলোচনা। সেই বৈঠকে যোগ দিতে ভারতের তরফে ১২ জনের প্রতিনিধি দল যাবে বলে খবর সূত্রের। এই বৈঠকের মাধ্যমেই ভারত এবং আমেরিকা, দু'দেশের চুক্তির খসড়া পুনর্বিবেচনা করা হতে পারে বলে খবর একাধিক সংবাদমাধ্যম সূত্রে।
জানা যাচ্ছে, ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব দর্পণ জৈন। এর আগেও বেশ কয়েকবার এই দুই দেশের মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে বৈঠক হয়েছিল। তারপর গত ৭ ফেব্রুয়ারি ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তির খসড়া প্রকাশিত হয়েছিল। সেই খসড়া অনুযায়ী, মার্কিন বাজারে ভারতীয় পণ্যের উপর শুল্কের হার ৫০ থেকে কমিয়ে ১৮ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছিল ট্রাম্প প্রশাসন। একইভাবে ভারতও একাধিক মার্কিন পণ্যের উপর শুল্কের পরিমাণ কম করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে এই শুল্ক 'বাড়বাড়ন্ত' নিয়ে পরবর্তীতে মার্কিন সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেয়েছিল ট্রাম্প প্রশাসন।
আজকের এই বৈঠক গত মাসেই হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণবশত তা স্থগিত থাকে। এই অবস্থায় ফের সোমবার থেকে সেই বৈঠক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে ভারত-আমেরিকা। তবে বলে রাখা জরুরি, যে সময়ে দ্বিপাক্ষিক চুক্তির খসড়া প্রকাশিত হয়েছিল, তখন বাণিজ্যক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় ভারতের অবস্থান সুবিধাজনক ছিল। তবে এখন সব দেশের উপরেই ট্রাম্প প্রশাসন ১০ শতাংশ শুল্ক চাপানোয় এই চুক্তির পুনর্বিবেচনা করার প্রয়োজন রয়েছে বলে মনে করা হচ্ছে বিভিন্ন মহলে।