এক বছর অতিক্রান্ত। এখনও পহেলগাঁও হামলার স্মৃতি দগদগে দেশবাসীর মনে। এই অবস্থায় পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে দেশবাসীকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি লিখ...
এক বছর অতিক্রান্ত। এখনও পহেলগাঁও হামলার স্মৃতি দগদগে দেশবাসীর মনে। এই অবস্থায় পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে দেশবাসীকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজমাধ্যমে একটি পোস্ট করে তিনি লিখেছেন, 'গত বছর এই দিনে পহেলাগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলায় হারিয়ে যাওয়া নিরীহ প্রাণদের স্মরণ করছি। তাঁদের কখনওই ভোলা যাবে না। এই যন্ত্রণার সঙ্গে লড়াই করা শোকসন্তপ্ত পরিবারগুলিরও আমার চিন্তায় রয়েছে।'
গত বছর ঠিক আজকের দিনেই জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানায় মৃত্যু হয়েছিল ২৬ জন ভারতীয় পযটক ও এক স্থানীয় বাসিন্দার। আজ সেই প্রসঙ্গ উল্লেখ করে মোদী লিখেছেন, 'একটি জাতি হিসেবে, আমরা শোক ও দৃঢ় সংকল্পে ঐক্যবদ্ধ। ভারত কখনওই কোনও ধরনের সন্ত্রাসের সামনে মাথা নত করবে না। সন্ত্রাসবাদীদের জঘন্য পরিকল্পনা কখনওই সফল হবে না।' প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পর জম্মু ও কাশ্মীরের একাধিক পর্যটনক্ষেত্র বন্ধ করে রাখা হয়েছিল। আজ জঙ্গি হামলার এক বছরের মাথায় ফের বৈসরণ উপত্যকার একাংশ-সহ জম্মু ও কাশ্মীরের ৩৯টি পর্যটনক্ষেত্র খুলে দেওয়া হয়েছে বলে খবর সূত্রের।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর পাশাপাশি ভারতীয় সেনার তরফেও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করা হয়েছে মঙ্গলবার। এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে বলা হয়েছে, 'যখন মানবতার সীমা লঙ্ঘন করা হয়, তার পরিণতি হয় ভয়ানক। তাই কিছু সীমা কখনওই লঙ্ঘন করা উচিত নয়। বিচার অবশ্যই পাওয়া যায়।' ওই পোস্টের সঙ্গে একটি ছবিও জুড়ে দেওয়া হয়েছে যা অনেকটা অপারেশন সিঁদুর-এর পোস্টারের আদলে তৈরি।