বিজেপিতে যোগ দেওয়াই যেন কাল! ২৪ ঘন্টার মধ্যে সমাজমাধ্যমে ১০ লক্ষ 'ফলোয়ার' কমল রাঘব চড্ডার। কেজরিওয়ালের দল ছেড়ে পদ্মশিবিরে আসার আগে তাঁর ইনস্টাগ্রামে অনুগামী সংখ্যা ছিল ১ কোটি ৪৬ লক্ষ। কিন্তু বিজেপিতে ...
বিজেপিতে যোগ দেওয়াই যেন কাল! ২৪ ঘন্টার মধ্যে সমাজমাধ্যমে ১০ লক্ষ 'ফলোয়ার' কমল রাঘব চড্ডার। কেজরিওয়ালের দল ছেড়ে পদ্মশিবিরে আসার আগে তাঁর ইনস্টাগ্রামে অনুগামী সংখ্যা ছিল ১ কোটি ৪৬ লক্ষ। কিন্তু বিজেপিতে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশ্যে আসার পর ১ কোটি ৩৫ লক্ষ হয়ে গেল চড্ডার ফলোয়ার।
অন্যদিকে এই বিষয়ে এনসিপি (এসপি)-র মুখপাত্র অনীশ গাওয়ান্ডে'র মন্তব্য, 'ইন্টারনেট আপনাকে রাতারাতি নায়ক বানিয়ে দিতে পারে। আবার এই ইন্টারনেটই আপনাকে নিমেষের মধ্যে নীচে নামিয়ে আনতে পারে।' তবে তাতে কি কিছু এসে গেল আপ প্রাক্তনীর? যদিও সেই বিষয়ে এখনও মুখ খোলেননি রাঘব।
প্রসঙ্গত, শুক্রবার রাঘব-সহ রাজ্যসভার সাত আপ সাংসদ বিজেপিতে যোগ দেন। তাঁরা হলেন, প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ, দলের অন্যতম সম্পাদক সন্দীপ পাঠক, রাজেন্দ্র গুপ্ত, অশোক মিত্তল ও বিক্রম সাহনে এবং দিল্লির নেত্রী স্বাতী মালিওয়াল। গতকালই বিজেপিতে যোগ দেওয়ার রাঘব সাংবাদিক বৈঠক করে বলেন, 'আমরা রাজ্যসভায় আপের দুই তৃতীয়াংশ সদস্য ভারতীয় সংবিধানের বিধান প্রয়োগ করে বিজেপির সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।' পাশাপাশি কিছুটা অভিমানের সুরেই জানান, ''যে আপ-কে আমি নিজের রক্ত আর ঘাম দিয়ে লালন করেছি, নিজের যৌবনের ১৫ বছর দিয়েছি, সেই দল নিজেদের নীতি, মূল্যবোধ থেকে সরে গিয়েছে। এখন এই দল দেশের স্বার্থে কাজ করে না। বরং ব্যক্তিগত সুবিধা লাভের জন্য কাজ করে। গত কয়েক বছরে আমার বার বার মনে হয়েছে, আমি ভুল দলে রয়েছি। তাই আজ আমরা আপ থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করলাম এবং মানুষের কাছাকাছি যাওয়ার সিদ্ধান্ত নিলাম।'