ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার দিল্লিতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ১২-১৩ সেপ্টেম্বর রাজধানীর মণ্ডপমে ব্রিক্সের ১৮তম শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগে, আজ ভারতের প্রধানমন্ত্...
ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার দিল্লিতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ১২-১৩ সেপ্টেম্বর রাজধানীর মণ্ডপমে ব্রিক্সের ১৮তম শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হবে। তার আগে, আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসার কথা পুতিনের। সূত্রের খবর, এই বৈঠক থেকেই মস্কোর প্রস্তাব মেনে যৌথ উদ্যোগে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান ‘সুখোই এসইউ-৫৭’ নির্মাণের বিষয়টি চূড়ান্ত করবে দুই দেশ।
দ্বিপাক্ষিক বৈঠকে যেমন একদিকে বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তিগত বিষয়গুলি গুরুত্ব পাবে। তেমনই গুরুত্ব পাবে সুখোই এসইউ-৫৭’ যুদ্ধবিমান চুক্তির পাশাপাশি ভারতীয় বায়ুসেনার ব্যবহৃত সুখোই-৩০ এমকেআই (সুপার সুখোই)-এর আধুনিকীকরণ এবং আরও এস-৪০০ ট্রায়াম্ফ ও পন্টসার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়টি।
এর আগে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নয়াদিল্লিকে 'এফ-৩৫ লাইটনিং২' যুদ্ধবিমান বিক্রির বার্তা দিয়েছিলেন। তার মধ্যেই গত মার্চ মাসে ভারতকে 'এসইউ-৫৭ই' যুদ্ধবিমানের 'যৌথ উৎপাদন' এবং 'সম্পূর্ণ প্রযুক্তি হস্তান্তরে'র প্রস্তাব দিয়েছিল রাশিয়া। এমতাবস্থায় ভারত কোন পথে এগোবে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল আন্তর্জাতিক মহলে। কিন্তু একাধিক বিষয় মাথায় রেখে শেষপর্যন্ত ছ’দশকের পুরনো সামরিক সহযোগী রাশিয়ার উপরেই ভরসা রাখছে দিল্লি।
সুপার সুখোই কী?
ভারতীয় বায়ুসেনার বর্তমান প্রধান যুদ্ধবিমান সুখোই এসইউ-৩০এমকেআই-এর আধুনিকীকরণ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে পুরনো বিমানগুলিকে প্রায় পঞ্চম প্রজন্মের সমকক্ষ করে তোলা হবে। থাকবে দেশীয় প্রযুক্তির রাডার, উন্নত ককপিট ও এভিওনিক্স। সুরক্ষা ব্যবস্থা হবে অনেক বেশি মজবুত। শত্রুর রাডারে সহজ ধরা পড়বে না। ব্রহ্মস, অস্ত্র এবং রুদ্রম-এর মতো দূরপাল্লার ও আধুনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম হবে।
পন্টসার মিসাইল কীভাবে কাজ করে?
পন্টসার একটি বহুমুখী এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা বিমান ও ড্রোন হামলার বিরুদ্ধে বহুস্তরীয় সুরক্ষা দিতে সক্ষম। এতে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমানবিধ্বংসী কামান— এই তিন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যা উন্নত রাডার এবং ট্র্যাকিং সিস্টেমের সঙ্গে সংযুক্ত। ৩৬ কিমি দূর পর্যন্ত লক্ষ্যবস্তুকে শনাক্ত করে এবং সেগুলিকে ধ্বংস করার ক্ষমতা রয়েছে পন্টসারের।
প্রমিথিউস
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের নেতৃত্বাধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল রাশিয়া থেকে প্রায় ১০ হাজার কোটি টাকায় ২৮৮টি এস-৪০০ ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তাবে ছাড়পত্র দেয়। এর মধ্যে ১২০টি স্বল্পপাল্লার এবং ১৬৮টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। পহেলগাঁও সন্ত্রাসের প্রতিক্রিয়ায় ২০২৫ সালের ৭ মে পাক জঙ্গিঘাঁটিতে 'অপারেশন সিঁদুর' চালিয়েছিল ভারতীয় বাহিনী। ২০২৫ সালের মে মাসে 'অপারেশন সিঁদুর'-এর সময় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই ব্যবস্থার অন্যতম উপাদান ছিল রুশ নির্মিত এস-৪০০। এর উন্নততর সংস্করণ এস-৫০০ ‘প্রমিথিউস’ কেনার রুশ প্রস্তাব নিয়েও আজ মোদী-পুতিন বৈঠকে আলোচনা হতে পারে।