ভারতকেই বিশ্বগুরুর দায়িত্ব নিতে অনুরোধ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। পুণের একটি অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন 'মানুষের যেমন একজন গুরু প্রয়োজন, যিনি সৎ উপদেশ দিয়ে মানুষকে...
ভারতকেই বিশ্বগুরুর দায়িত্ব নিতে অনুরোধ করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। পুণের একটি অনুষ্ঠানে আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন 'মানুষের যেমন একজন গুরু প্রয়োজন, যিনি সৎ উপদেশ দিয়ে মানুষকে সঠিক পথে চালিত করেন, ঠিক তেমনি এই বিশ্বেরও একজন গুরুর প্রয়োজন। আর সেই দ্বায়িত্ব পালন করতে পারে ভারতবর্ষই'।
আরএসএস প্রধান আরও বলেন 'আমার বিশ্বাস, ভারতের সেই ক্ষমতা রয়েছে। ভারতবাসীর মধ্যে সেই শিক্ষা, মূল্যবোধ আছে যা এই দুনিয়াকে শান্তি ও সম্প্রীতির রাস্তা দেখাতে পারে'। সংঘ প্রধান আরও বলেন 'আমাদের প্রযুক্তির দরকার আছে কিন্তু বেঁচে থাকতে শান্তিরও প্রয়োজন রয়েছে। দুনিয়ার বিভিন্ন প্রান্তে যুদ্ধ, হানাহানি,সন্ত্রাসবাদী হামলা আমাদের রক্তাক্ত করছে, শান্তি বিঘ্নিত করছে। আধুনিক জীবন যাত্রার মান বাড়ানোর জন্য দূষণ বাড়ছে, এই পৃথিবী আমাদের মা, তাঁকে ক্রমাগত দূষিত করছি আমরা। আবহাওয়ার পরিবর্তনের ফলে নানান সমস্যার সৃষ্টি হচ্ছে। বর্ষাকালে বৃষ্টি হচ্ছে না, শীত কালে ঠান্ডা পড়ছে না, গরম বাড়ছে বিশ্ব জুড়েই, গলছে বরফ। যখন বৃষ্টির দরকার নেই তখন সবকিছু ভাসিয়ে বন্যা হচ্ছে। এসব সমস্যার সমাধানে একটা চালিকা শক্তির দরকার। যে বিশ্বকে আধ্যাত্মিকতার পাঠ দেবে, প্রকৃতি বাঁচানোর শিক্ষা দেবে সঙ্গে সঙ্গে মানসিক শান্তির হদিশও দেবে। আর এই কাজ পশ্চিমি কোনও রাষ্ট্রকে দিয়ে হবে না। ভারতবর্ষকেই এই বিশ্বগুরুর দায়িত্ব স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিতে হবে। নিজে আচরণ করে অন্যের কাছে অনুকরনীয় হয়ে উঠতে হবে। যাতে ভারতবাসীকে দেখে সারা পৃথিবী শিক্ষা লাভ করে'।
পাশাপাশি ভগবত অন্যদের ঈশ্বর এবং ধর্মগুরুদের নিয়ে মজা করা উচিত নয় বলেও এদিন মন্তব্য করেন। সংবিধান প্রসঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধানের বক্তব্য নাগরিকদের অধিকার বদলানো যায় না, নাগরিকদেরও আবার তেমন উচিত দেশের নিয়ম, কানুন মেনে চলা। সৎ নাগরিক হয়ে জীবন কাটানো।