সদ্য বিহার বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে রাজ্যের শাসনভার নিয়েছে জেডিইউ সরকার। এরপর দশমবারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসেন নীতীশ কুমার। কিন্তু এবার সেই মুখ্যমন্ত্রীর পদ থেকেই তিনি ইস্তফা দেবেন বল...
সদ্য বিহার বিধানসভা নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে রাজ্যের শাসনভার নিয়েছে জেডিইউ সরকার। এরপর দশমবারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসেন নীতীশ কুমার। কিন্তু এবার সেই মুখ্যমন্ত্রীর পদ থেকেই তিনি ইস্তফা দেবেন বলে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে। বদলে রাজ্যসভার প্রার্থী হয়ে তিনি দিল্লির রাজনীতিতে মনোনিবেশ করবেন বলে শোনা যাচ্ছে কান পাতলে। এমতাবস্থায় সত্যিই নীতিশ তাঁর পদ থেকে সরে গেলে, পরবর্তী মুখ্য়মন্ত্রী হিসেবে কে সেই গুরুদায়িত্ব পালন করবে, তা নিয়ে উঠছে প্রশ্ন।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, নীতীশের শারীরিক অবস্থা বর্তমানে ঠিক নেই। ফলে তাঁর পক্ষে মুখ্যমন্ত্রী পদের ভার পালন করা একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তাই মুখ্যমন্ত্রীর আসন ছেড়ে রাজ্যসভায় যাবেন তিনি। জেডিইউয়ের অন্দরে নাকি তেমনই সিদ্ধান্ত হয়েছে। বিহারে ৫ আসনের জন্য রাজ্যসভার নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আগামীকাল অর্থাৎ ৫ মার্চ পর্যন্ত। তার আগেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। এদিকে দলের অন্দর সূত্রে খবর, নীতীশ রাজ্যসভায় চলে যাবেন। বদলে তাঁর ছেলে নিশান্ত কুমার সোজা উপমুখ্যমন্ত্রী হবেন। তাহলে মুখ্যমন্ত্রী কে হবেন?
এমতাবস্থায় মুখ্যমন্ত্রী পদ পাওয়ার লাইনে অনেকেই রয়েছেন। তবে জেডিইউ থেকে নাকি বিজেপির তরফে সেই মুখ বাছা হবে তা এখনও জানা যায়নি। এর মধ্যে জেডিইউয়ের শীর্ষ নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী লাল্লান সিং ইতিমধ্যেই পাটনা থেকে দিল্লিতে উড়ে গিয়েছেন। সুতরাং তাঁর নাম নিয়ে দলের অন্দরে জল্পনা রয়েছে। অন্যদিকে বিহারের মুখ্যমন্ত্রীর কুরসিতে দীর্ঘদিন ধরেই নজর রয়েছে বিজেপির। তাহলে কী গেরুয়া শিবির থেকেই পরবর্তী মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হবে, তা নিয়েও ঘনাচ্ছে রহস্য।