নাসিকের টাটা গোষ্ঠীর আইটি সংস্থায় যৌন হেনস্তা ও ধর্মান্তরণের ঘটনায় ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে সারা পড়ে গিয়েছে। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত এইচআর কর্মী নিদা খান বর্তমানে পলাতক। কিন্তু তারপরেও নিজের গ্রেফতারি...
নাসিকের টাটা গোষ্ঠীর আইটি সংস্থায় যৌন হেনস্তা ও ধর্মান্তরণের ঘটনায় ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে সারা পড়ে গিয়েছে। এই ঘটনায় অন্যতম অভিযুক্ত এইচআর কর্মী নিদা খান বর্তমানে পলাতক। কিন্তু তারপরেও নিজের গ্রেফতারি আটকাতে আদালতে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করছেন তিনি। নিজের অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়ে শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে আদালতে জামিনের আবেদন জানিয়েছেন নিদা।
অন্যদিকে এই ঘটনায় জড়িত একজন অভিযুক্তকেও রেয়াদ করা হবে না জানিয়ে শুক্রবার হুঙ্কার দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলেও আজ হুঙ্কার দিয়েছেন তিনি। পাশাপাশি এই ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দাদের দিয়ে তদন্ত করা হবে বলেও আজ জানিয়েছেন ফড়ণবিস। এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, 'বিষয়টি গভীর এবং উদ্বেগজনক।' তাঁর আরও সংযোজন, 'এই ঘটনা বড়সড় ষড়যন্ত্রের অংশ। জড়িত কেউ ছাড় পাবে না। কাউকে আড়াল করা হবে না। আমরা কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে বলেছি।'
উল্লেখ্য, বৃহস্পতিবার নাসিকের টাটা গোষ্ঠীর আইটি সংস্থার ধর্মান্তর বিতর্ক সুপ্রিম কোর্টে পৌঁছেছে। জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে শীর্ষ আদালতে। সেখানে বলা হয়েছে, গোটা বিষয়টিতে বিস্মিত দেশ। পাশাপাশি এই ধরণের অপরাধকে 'সন্ত্রাসীমূলক' কার্যকলাপের আওতায় ফেলা হয়েছে। এছাড়াও এই ঘটনার পুনরাবৃত্তি রোধে কেন্দ্র ও রাজ্য গুলিকে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান হয়েছে।