আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার তাঁর জামিন নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সিবিআই-এর কী বক্তব্য তা জানতে চাইল সুপ্রিম কোর্ট। আজ, বৃহস্পতিবার বিচারপতি এমএম স...
আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার তাঁর জামিন নিয়ে কেন্দ্রীয় গোয়েন্দা সিবিআই-এর কী বক্তব্য তা জানতে চাইল সুপ্রিম কোর্ট। আজ, বৃহস্পতিবার বিচারপতি এমএম সুন্দ্রেশ এবং প্রশান্ত বি বরলের ডিভিশন বেঞ্চে সন্দীপের জামিন মামলাটি ওঠে শুনানির জন্য। আগামী সপ্তাহে ফের এই মামলার শুনানির সম্ভবনা রয়েছে। সেদিনই সিবিআইয়ের বক্তব্য জানা যাবে বলে মনে করা হচ্ছে।
২০২৪ সালের ২ সেপ্টেম্বর আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে গ্রেফতার করেছিল সিবিআই। তাঁর বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এমতাবস্থায় নিজের জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ। কিন্তু সেই আবেদনের বিরুদ্ধে আদালতে সওয়াল করে সিবিআইয়ের আইনজীবী। পরে অভিযুক্ত ‘প্রভাবশালী’ হওয়ায় সাক্ষীদের প্রভাবিত করতে পারেন আশঙ্কা করে সন্দীপের জামিন বাতিল করে হাই কোর্ট। আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম দ্বারস্থ হন সন্দীপ।
প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনা গোটা দেশ তথা রাজ্যে তোলপাড় সৃষ্টি করেছিল। সেই ঘটনার তদন্তে নেমেই আর্থিক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে। মামলার তদন্ত শুরু করে ইডি। নাম জড়ায় হাসপাতালের তৎকালীন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের। অভিযোগ, আরজি কর হাসপাতালের অ্যাকাউন্ট থেকে ঠিকাদারদের অ্যাকাউন্টে জমা হওয়া বিপুল পরিমাণ টাকা পরিকল্পিত ভাবে সরিয়ে দেওয়া হত। আত্মসাৎ করা হত বিপুল পরিমাণ সরকারি অর্থ। ঠিকাদারদের সঙ্গে আলোচনা করে তাঁদের ঘনিষ্ঠ সহযোগীদের নামে চেক লেখা হত। তা দিয়ে টাকা তোলা হত অথবা অন্য সহযোগী সংস্থায় সেই টাকা সরানো হত। তদন্তকারী সংস্থার দাবি, এভাবেই দিনের পর দিন অপরাধ আড়াল করা হয়েছে।