তরুণীকে ফ্ল্যাটে আটকে রেখে শারীরিক ও যৌন নির্যাতনে গ্রেফতার ইনফ্লুয়েন্সার ‘ননসেন’ ওরফে শমীক অধিকারী। বৃহস্পতিবার, রাতে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে পুলিস। শুক্রবার তা...
তরুণীকে ফ্ল্যাটে আটকে রেখে শারীরিক ও যৌন নির্যাতনে গ্রেফতার ইনফ্লুয়েন্সার ‘ননসেন’ ওরফে শমীক অধিকারী। বৃহস্পতিবার, রাতে নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই যুবককে গ্রেফতার করে পুলিস। শুক্রবার তাঁকে আলিপুর কোর্টে নিয়ে যাওয়া হয়। সেই সময় শমীক সংবাদ মাধ্যমের সামনে এই প্রসঙ্গে বলেন, 'ফাঁসানো হচ্ছে'। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলার সুযোগ পাননি তিনি।
পুলিস সূত্রে জানা গিয়েছে, বেহালা থানায় এই ঘটনায় মামলা রুজু হয়েছে (কেস নম্বর ৩৩/২৬)। শমীকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৭(২), ১১৫(২), ৭৪ এবং ৩৫১(২) ধারায় অভিযোগ আনা হয়েছে। সূত্রের খবর, অভিযোগ পত্রে নির্যাতিতা দাবি করেছে, শমীক অধিকারী তাঁকে একটি ফ্ল্যাটে তালাবন্ধ করে রেখেছিলেন। শুধু মানসিক চাপ দেওয়াই নয়, তাঁকে মারধর করা হয় এবং তাঁর ইচ্ছার বিরুদ্ধে যৌন নির্যাতন চালানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এমনকি, অনুমতি ছাড়াই বলপূর্বক ওই তরুণীর পোশাক খোলার চেষ্টা করে যৌনহেনস্তাও করা হয় বলে অভিযোগ। তবে নির্যাতিতার আরও বিস্ফোরক অভিযোগ, শমীকের অভিভাবকরা ফ্ল্যাটে থাকাকালীনই এই ঘটনাটি ঘটে। ইনফ্লুয়েন্সারকে বারংবার অনুরোধ করা সত্ত্বেও কর্ণপাত করেননি বলে জানান তিনি। সারারাত ধরে অত্যাচারের কারণে মুখ, আঙুল-সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে, বলেও পুলিসকে জানান ওই তরুণী। বিষয়টি প্রকাশ্য আনলে চরম পরিণতি হবে বলে হুমকি দিয়েছিলেন ওই অভিযুক্ত ইনফ্লুয়েন্সার।