গুরুদ্বারের সামনে দুই ভারতীয় যুবককে লক্ষ্য করে এলোপাথারি গুলি দুষ্কৃতীতিদের। ঘটনায় ওই দুই যুবকেরই মৃত্যু হয়েছে বলে খবর। অন্যদিকে ইটালির এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কিত হয়...
গুরুদ্বারের সামনে দুই ভারতীয় যুবককে লক্ষ্য করে এলোপাথারি গুলি দুষ্কৃতীতিদের। ঘটনায় ওই দুই যুবকেরই মৃত্যু হয়েছে বলে খবর। অন্যদিকে ইটালির এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েছেন আশপাশের সাধারণ মানুষ। তবে কী কারণে ওই দুই যুবককে গুলি করে খুন করা হল, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে ইটালি পুলিস।
ইটালির একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গত শুক্রবার রাতে বার্গামো প্রদেশের কোভো এলাকার একটি গুরুদ্বারের সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। সেদিন একটি বিশেষ অনুষ্ঠানের জন্য গুরুদ্বারের সামনে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। ছিলেন ওই দুই যুবকও। অভিযোগ, সেই সময়েই এক যুবক একটি গাড়ি করে গুরুদ্বারের সামনে উপস্থিত হয়। তারপরই ভিড় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সে। পর পর গুলির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। আহত হন আরও বেশ কয়েকজন।
পুলিস সূত্রে খবর, মৃতদের নাম রাগিন্দর সিং (৪৮) এবং গুরমিত সিং (৪৮)। ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছায় পুলিসের বিরাট বাহিনী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে তারা। নিয়ে যাওয়া হয় মৃতদেহ দুটিকেও। অন্যদিকে এক প্রত্যক্ষদর্শীর দাবি, হামলাকারী একজন ভারতীয় ছিলেন। এমনকি ওই গুরুদ্বারে নিয়মিত যাতায়াত ছিল তাঁর। তবে কী কারণে সে এমন কাণ্ড ঘটালো তা এখনও স্পষ্ট না। পুরনো শত্রুতা, নাকি পূর্ব পরিকল্পিত হামলা, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিস।