রাশিয়ার সঙ্গে লাগাতার যুদ্ধ অব্যাহত। এর মধ্যেই ফের ইউক্রেনের রাজধানীতে হামলা চালাল আততায়ীরা। জনবহুল স্থানে ঢুকে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্যদিকে এই ঘটনায় ৬ জন স...
রাশিয়ার সঙ্গে লাগাতার যুদ্ধ অব্যাহত। এর মধ্যেই ফের ইউক্রেনের রাজধানীতে হামলা চালাল আততায়ীরা। জনবহুল স্থানে ঢুকে এলোপাথাড়ি গুলি চালানোর অভিযোগ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। অন্যদিকে এই ঘটনায় ৬ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি একাধিক সূত্রের। পাশাপাশি পুলিসের গুলিতে মৃত্যু হয়েছে হামলাকারীর।
পুলিস সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে কিয়েভের দক্ষিণ হলোসিভস্কিতে। সেখানে এক বন্দুকবাজ পথচলতি মানুষদের টার্গেট করে এলোপাথাড়ি গুলি করে। অতর্কিত হামলায় মৃত্যু হয়েছে ৬ জন পথচারীর। পাশাপাশি জখম হয়েছে আরও ১২ জন। পরে পুলিস অভিযানে নেমে ওই বন্দুকধারীকে গুলি করে নিকেশ করে।
প্রশাসনের তরফে জানা গিয়েছে, জখম ১২ জনের মধ্যে মহিলা ও শিশুও রয়েছে। যাদের প্রত্যেকেই বর্তমানে চিকিৎসাধীন। অন্যদিকে একাধিক সংবাদমাধ্যম সূত্রে দাবি, ওই আততায়ী যে অ্যাপার্টমেন্টে থাকতেন সেখানেও ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মনে করা হচ্ছে সেখানে বিস্ফোরক বোঝাই করে রেখেছিল সে। তার জেরেই আগুন ধরে গিয়েছে। তবে কেন এই হামলা চালানো হল তা এখনও স্পষ্ট নয়।