মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবহে তেল কেনা নিয়ে সাময়িক স্বস্তি পেল ভারত। আপাতত আগামী ৩০ দিন রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতের উপর কোনও বাধা থাকবে না। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ কথা জানিয়েছেন আমেরিকার ট...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ আবহে তেল কেনা নিয়ে সাময়িক স্বস্তি পেল ভারত। আপাতত আগামী ৩০ দিন রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতের উপর কোনও বাধা থাকবে না। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এ কথা জানিয়েছেন আমেরিকার ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।
সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে স্কট বেসেন্ট বলেন, ট্রাম্পের জ্বালানি কর্মসূচির ফলে তেল ও গ্যাস উৎপাদন সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। সেই সঙ্গেই তিনি জনান, বিশ্ব বাজারে তেলের প্রবাহ অব্যাহত রাখতে, ট্রেজারি বিভাগ ভারতীয় পরিশোধকদের রাশিয়ান তেল কেনার অনুমতি দেওয়ার জন্য ৩০ দিনের একটি অস্থায়ী ছাড় জারি করছে।
মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৫ মার্চ পর্যন্ত যে সমস্ত রুশ জাহাজ মাঝসমুদ্রে পণ্য নিয়ে দাঁড়িয়ে ছিল, আগামী ৩ এপ্রিল পর্যন্ত ভারত সেই তেল কিনতে পারবে। এমনকী নিষেধাজ্ঞার তালিকায় থাকা জাহাজগুলিকেও এই ছাড়ের আওতায় আনা হয়েছে।
প্রসঙ্গত, গত শনিবার সকালে ইরানের রাজধানী তেহরানে হামলা করে ইজরায়েল। লাগাতার মিসাইল ছোড়া হয় তেহরানের একাধিক জায়গায়। আমেরিকা যে এই হামলায় মদত দিয়েছে, তাও স্পষ্ট। তাতে প্রাণ হারান ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেই। এই যৌথ হামলায় ক্ষুব্ধ হয়ে ইরান বিশ্ববাণিজ্যে বিরাট ধাক্কা দিয়ে অন্যতম ব্যস্ত জলপথ হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও রাশিয়া থেকে তেল কেনা নিয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। আর তাতেই জ্বালানিতে ব্যাপক সংকট দেখা গিয়েছিল। টাল-মাটাল পরিস্থিতির মধ্যে আপাতত তেল-সংকটে সাময়িক স্বস্তি পেল ভারত।